আরসিবির নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ফাফ ডু প্লেসিকে

বিরাট কোহলি ২০২১ মরসুমের পর অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন

Faf du Plessis
Faf du Plessis. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরসুমের জন্য ফাফ ডু প্লেসিকে তাদের অধিনায়ক মনোনীত করেছে। বিরাট কোহলি গত মরসুমের শেষে পদ থেকে সরে দাঁড়ান এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব থেকেও অব্যাহতি পেয়েছেন। ডু প্লেসি প্রকৃতপক্ষে একজন অভিজ্ঞ ক্রিকেটার যিনি ডিসেম্বর ২০১৬ (আগস্ট ২০১৭ সালে সর্ব-ফর্ম্যাটের অধিনায়কও হয়েছিলেন) থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন।

সর্বোচ্চ স্তরে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছাড়াও, প্রোটিয়া আইকন আইপিএলের অন্যতম দক্ষ ব্যাটার এবং ২০১৮ ও ২০২১ সংস্করণে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ফাফ ডু প্লেসি গত কয়েক বছরে সিএসকের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন

ফাফ ডু প্লেসি আইপিএল ২০২১-এ সিএসকের অপরিহার্য সদস্যদের একজন ছিলেন এবং দলের চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি গত মরসুমে ১৬ ম্যাচে ৬৩৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে শেষ করেছিলেন। তাঁর সতীর্থ এবং অরেঞ্জ ক্যাপ বিজয়ী রুতুরাজ গায়কওয়াড়ের ৬৩৫ রানের থেকে মাত্র দুই রান কম করেছিলেন তিনি। গত কয়েক মরসুমে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও অভিজ্ঞ ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে।

আইপিএল ২০২২ মেগা নিলামে, তাঁকে ৭ কোটি টাকার বিনিময়ে ব্যাঙ্গালোর দুলে স্বাগত জানায়। এ ছাড়াও, তিনবারের ফাইনালিস্টরা দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞকে কিনেছিল। নেতৃত্বের দাবিদার হিসেবে কার্তিককেও ভাবা হচ্ছিল। অনুজ রাওয়াত, আকাশ দীপের মতো ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নেওয়া হয়েছে।

আরসিবি শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার জন্য ১০ কোটি টাকারও বেশী খরচ করতে দ্বিধা করেনি। বিদেশী পেসারদের মধ্যে জেসন বেহরেনডর্ফ, ডেভিড উইলে, জশ হ্যাজেলউডদের নেওয়া হয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেসার হর্ষল প্যাটেলকেও কিনেছে, যিনি গত মরসুমে পার্পল ক্যাপ জিতেছিলেন। তাঁকে কেনা হয়েছে ১০.৭৫ কোটি টাকায়। আরসিবি যথাক্রমে ২০০৯, ২০১১ এবং ২০১৬ সংস্করণে তিনবার ফাইনালে উঠেছে কিন্তু প্রত্যেকবারই শিরোপা জিততে ব্যর্থ হয়েছে।

কাগজে-কলমে আরসিবিকে একটি বেশ শক্তিশালী দল মনে হচ্ছে। তারা এইবার তাদের ট্রফি ভাগ্য বদলাতে বদ্ধপরিকর হবে। ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজি ২৭শে মার্চ মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করবে।

close whatsapp