অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী জো রুট
আপডেট করা - Jun 23, 2023 12:03 pm

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতে পরাজিত হওয়ার পর দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে কামব্যাক করার বিষয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার জো রুট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি লর্ডসে অনুষ্ঠিত হবে। প্ৰথম ম্যাচটিতে ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন জো রুট। প্ৰথম ইনিংসে তিনি একটি দুরন্ত শতরান করেছিলেন এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তিনি ১৫২ বলে ১১৮ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এই ইনিংসে তিনি ৫৫ বলে ৪৬ রান করেছিলেন।
ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন যে তারা নিজেদের খেলার শৈলী পাল্টাবেন না। সুতরাং, এই ব্যাপারটি নিশ্চিত যে প্ৰথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড ব্যাজবল শৈলীকে কাজে লাগিয়ে খেলবে।
জো রুটের বক্তব্যকে ইএসপিএনক্রিকইনফো উদ্ধৃত করেছে, “যদি আমরা একটি দল হিসাবে উন্নতি করতে চাই, তাহলে আমরা এমন একটি দিনের উপর গুরুত্ব দিতে পারি না যেখানে কয়েকটি মুহূর্ত আমাদের বিরুদ্ধে গিয়েছিল এবং বলা যে ‘আমাদের জিনিসগুলি ভিন্নভাবে করতে হবে’। যদি কিছু করতে হয়, তাহলে আমরা যেভাবে এটি করি তা আমাদের দ্বিগুণ করতে হবে, সম্পূর্ণরূপে নিজেদেরকে সমর্থন করতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা যেন লর্ডসে সেই এক-শতাংশকে সঠিকভাবে পেতে পারি।”
“আমি মনে করি আমরা প্রত্যেকের কাছে প্রমাণ করেছি যে আমরা পারি” – জো রুট
অস্ট্রেলিয়া শেষ দিনে গিয়ে প্রথম টেস্ট ম্যাচটি জিতেছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তাদের এই জয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ৭৩ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার উসমান খাওয়াজা। তিনি প্ৰথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পেয়েছিলেন। জো রুট বলেছেন যে তারা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করতে চলেছেন।
জো রুট বলেন, “জ্যাক (ক্রলি) খেলার প্রথম বলেই চার মেরেছিলেন, আমরা যেটি বলেছিলাম সেটিকে সবাই সমর্থন করেছিল – সমস্ত হাইপ এবং কথা হচ্ছে, ‘ইংল্যান্ড কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে খেলতে পারে?’। আমি মনে করি আমরা প্রত্যেকের কাছে প্রমাণ করেছি যে আমরা পারি। প্রত্যেকেরই সমর্থন করা উচিত এবং আমাদের কাছ থেকে একই জিনিস আশা করা উচিত। আমরা একটি দল হিসেবে এভাবেই এগিয়ে যেতে চাই। আমরা চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলছি।”