ভেঙে গেল মহেন্দ্র সিং ধোনির রেকর্ড, লিডস টেস্ট জিতে নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ককে পিছনে ফেলে দিলেন বেন স্টোকস
আপডেট করা - Jul 10, 2023 3:30 pm

হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করার মাধ্যমে অ্যাশেজ সিরিজ ২০২৩-এ প্ৰথম জয় পেয়েছে ইংল্যান্ড। যদিও অস্ট্রেলিয়া এখনও ইংল্যান্ডের থেকে এগিয়ে আছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্ৰথম ইনিংসে ১০৮ বলে ৮০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে তিনি খুব বেশি রান করতে পারেননি। তিনি ১৫ বলে ১৩ রান করতে সক্ষম হয়েছিলেন।
মিচেল মার্শ প্রথম ইনিংসে ১১৮ বলে ১১৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। কিন্তু তার ইনিংসটি শেষ পর্যন্ত এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখতে পারেনি। এই টেস্টে ইংল্যান্ড ৩ উইকেটে জয় পেয়েছে।
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড ভেঙে দিয়েছেন বেন স্টোকস। তার নেতৃত্বে এই নিয়ে পাঁচবার ২৫০-এর বেশি রান তাড়া করে ম্যাচ জিতল ইংল্যান্ড। ধোনির নেতৃত্বে ভারত এই কাজটি চারবার করতে সক্ষম হয়েছিল।
টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিকবার ২৫০-এর বেশি রান তাড়া করে জয়:
বেন স্টোকস – ৫
মহেন্দ্র সিং ধোনি – ৪
ব্রায়ান লারা এবং রিকি পন্টিং – ৩
“এই ম্যাচটিও রুদ্ধশ্বাস ছিল” – বেন স্টোকস
হেডিংলি টেস্ট নিয়ে মুখ খুলেছেন বেন স্টোকস। তিনি মার্ক উড এবং ক্রিস ওকসের প্রশংসা করেছেন। তিনি ওকসকে ‘মিস্টার কনসিসটেন্ট’ বলে অভিহিত করেছেন।
ম্যাচের পরে বেন স্টোকস বলেন, “এই ম্যাচটিও রুদ্ধশ্বাস ছিল। এটি জিততে পেরে খুব ভালো লাগছে। আমরা সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পেরেছি। টসে জিতে আমরা ব্যাটও করতে পারতাম এবং বোলিংও করতে পারতাম। এটিকে ভালো উইকেট বলে মনে হয়েছিল। মিচ মার্শ যেভাবে ব্যাটিং করেছিলেন তা দেখেছিলাম। তিনি মাঠে নেমেছিলেন এবং খেলার পরিস্থিতি পাল্টে দিয়েছিলেন। আউটফিল্ড দ্রুত ছিল। আমরা উডি (মার্ক উড) এবং ওকসিকে (ক্রিস ওকস) ফিরে পেয়েছি এবং তারা ভালো খেলেছেন।”
তিনি আরও বলেন, “আমরা দল বাছাই করেছিলাম এবং দেখেতে চেয়েছিলাম যে তারা কিভাবে খেলায় আমাদের উপর প্রভাব ফেলতে পারে। তারা কিভাবে খেলায় প্রভাবশালী হয়ে উঠতে পারে আমরা তা দেখার চেষ্টা করেছিলাম। আমি বুঝতে পারিনি যে ওকস এত দিন টেস্ট খেলেননি, তিনি মিস্টার কনসিসটেন্ট। ৮ নম্বরে তার মতো একজন ব্যাটারকে পাওয়া আমাদের সাহায্য করেছে। আশা করি তিনি যখন পরবর্তী ম্যাচে খেলবেন তখন তিনি একই রকম কিছু করতে পারবেন।”