ইংল্যান্ড বনাম ভারত: প্রথম টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
করোনামুক্ত রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্বে ফিরে আসবেন
আপডেট করা - Jul 6, 2022 6:41 pm

এজব্যাস্টনে পঞ্চম এবং পুনঃনির্ধারিত টেস্টের সফল সমাপ্তির পরে ইংল্যান্ড ও ভারত এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। সিরিজের প্রথম ম্যাচ সাউদাম্পটনের রোজ বাউলে ৭ জুলাই খেলা হবে। কোভিডের কারণে অধিনায়ক রোহিত শর্মা টেস্টে না খেলতে পারলেও টি-২০ সিরিজে দলে ফিরছেন।
ইয়ন মর্গ্যান কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন এবং ইংলিশ দল এখন জস বাটলারের নেতৃত্বে খেলবে। ভারতের বিরুদ্ধে খেলা শেষ তিনটি টি-২০ সিরিজে জিততে পারেনি ইংল্যান্ড। ফলে বাটলারের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ২০১৭ ও ২০১৮-তে দুটি সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর গত বছর আহমেদাবাদে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় টি-২০ থেকে সিনিয়র খেলোয়াড়রা স্কোয়াডে যোগ দেবেন বলে এই ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ দল থাকবে ভারতের।
ভারত সাম্প্রতিক অতীতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও আয়ারল্যান্ড খুব সহজে ম্যাচ জিততে দেয়নি। ফলে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় সহজে আসবে না বলাই যায়।
পিচ রিপোর্ট
সাউদাম্পটনের রোজ বাউলের পিচে প্রাথমিকভাবে বোলারদের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে। এই কেন্দ্রে এখনও পর্যন্ত খেলা নয়টি টি-টোয়েন্টির মধ্যে শুরুতে রান খাড়া করা দল জিতেছে পাঁচবার। যদিও প্রথম ইনিংসের গড় রান ১৬৮। তাই একবার একবার ক্রিজে থিতু হয়ে গেলে অন্তত একজন ব্যাটারকে শেষ অবধি খেলে আসতে হবে।
কোন দলের কেমন কম্বিনেশন
ইংল্যান্ড
নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজ থেকে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে স্বাগতিকরা। ইয়ন মর্গ্যানের অবসরের পর তাদের প্রথম সীমিত ওভারের সিরিজে বাটলার কেমনভাবে তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়াডকে সামলান সেই দিকে নজর থাকবে। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরবেন লেগ স্পিনার ম্যাথিউ পার্কিনসন।
সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), জেসন রয়, ফিল সল্ট, ডাউয়িড মালান, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ডেভিড উইলে, ক্রিস জর্ডান, রিস টপলে, টাইমাল মিলস, ম্যাথিউ পার্কিনসন।
ভারত
টেস্ট ম্যাচে হতাশাজনক হারের পর, ভারত নিখুঁত প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সিরিজ জয় চাইবে। কেবলমাত্র এই ম্যচের জন্যই স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সুযোগ বেশী পাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠী ও অর্শদীপ সিংয়ের জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে। ভারতীয় দলে প্রচুর হার্ড-হিটার রয়েছেন, ফলে ২০০+ স্কোরে পৌঁছনোর কথা ভাবতে পারে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড
ম্যাচ – ১৯ | ইংল্যান্ড – ৯ | ভারত – ১০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় রাত ১০:৩০টা
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ