বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পরাজয় নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে পরাজিত হয় ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত পঞ্চম দিনের প্ৰথম সেশন অবধি খেলাটিকে নিয়ে যেতে পেরেছিল। শেষ দিন ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ম্যাচটিকে রোমাঞ্চকর করে তুলতে পারেননি। অস্ট্রেলিয়া ডব্লুটিসির ফাইনাল ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে প্ৰথম দল হিসেবে সবকটি আইসিসি টুর্নামেন্ট জেতার রেকর্ড করেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে প্ৰথম একাদশে খেলার সুযোগ দেয়নি ভারত। এর জন্য ভারতীয় দলকে অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছিল। ভারত চারজন পেসার এবং একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। পরপর দুইবার এত বড় একটি মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করা যদিও একদমই সহজ নয় তবুও ভারতের হারে অনেকেই খুব হতাশ পড়েছেন।

ভারতের পরাজয়ের পর রবিচন্দ্রন অশ্বিন নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তিনি নিজের সতীর্থ, কোচিং এবং সাপোর্ট স্টাফদের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন টুইট করে জানান, “এই ডব্লুটিসি ফাইনাল জেতার জন্য এবং টেস্ট ক্রিকেটের এই চক্রটি শেষ করার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। এইভাবে শেষ করাটা সত্যিই হতাশাজনক কিন্তু তা সত্ত্বেও গত ২ বছর বা তারও বেশি সময় ধরে খেলে এখানে এসে প্ৰথম স্থান পাওয়ার প্রচেষ্টা করা দুর্দান্ত ছিল। সমস্ত হতাশা এবং ভুলের মূল্যায়নের মধ্যে, আমি মনে করি যে আমার সমস্ত সতীর্থ যারা এই চক্রে খেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কোচিং এবং সাপোর্ট স্টাফদের যারা সমর্থনের জন্য সবসময় এগিয়ে এসেছেন তাদের স্বীকৃতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

ভারতের সামনে পরবর্তী বড় লক্ষ্য হল ওডিআই বিশ্বকাপ

প্রায় ১০ বছর হয়ে গেছে ভারতীয় দল কোনও বড় আইসিসি ট্রফি জেতেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগটি হাতছাড়া করে ফেলেছে ভারত। তবে এই বছরই আবার আরেকটি সুযোগ পাবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেই ট্রফিটি জেতার জন্য অবশ্যই মরিয়া চেষ্টা করবে।

ওডিআই বিশ্বকাপের আগে ভারত এশিয়া কাপ খেলবে। তবে এশিয়া কাপের কেন্দ্র নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটির সমাধান এখনও পর্যন্ত হয়নি। শেষমেশ এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp