“কিভাবে দল এখনও এই খেলোয়াড়দের সমর্থন করছে?”- দীনেশ কার্তিক মনে করছেন জয়গুলিই ভারতের সমস্যাগুলি ঢেকে দিয়েছে
আপডেট করা - Mar 4, 2023 4:49 pm

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর প্রথম দুই টেস্টে অসাধারণ দুটি জয়ের পর তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে থামতে হয় রোহিত বাহিনীকে। কম ব্যবধানে হারলে হয়তো এতো প্রশ্ন উঠতো না তবে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারায় অনেকেই ভারতীয় দলের সমস্যগুলি তুলে ধরছেন। এই টেস্ট ম্যাচ জিতে ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার পাশাপাশি বর্ডার-গাভাস্কার ট্রফি ড্র করার আশাও বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া।
ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর বর্তমান স্কোয়াডের মধ্যে এখনও বিদ্যমান প্রধান সমস্যাগুলির বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন।
দীনেশ কার্তিক ক্রিকবাজে তার দেওয়া বক্তব্যের মাধ্যমে জানান, “আমরা এই সত্যটি আড়াল করতে পারি না যে ভারতের প্ৰথম ৭জন ব্যাটসম্যান বরাবর যেমন রান করেন সেই অনুযায়ী রান পাননি। আমরা ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে বিপর্যয়ের কথা বলছি। এই পিচে কি ব্যাটিং করা কঠিন? নিঃসন্দেহে হ্যাঁ। কিন্তু একটি দল হিসেবে তারা এই পিচগুলিকে খেলার জন্য বেছে নিয়েছে যার অর্থ হল তাদের নিজেদেরকেই নিজেদের সাহায্য করতে হবে। তারা এটি করতে সক্ষম, অনেক খেলোয়াড় পৃথকভাবে এর থেকেও শক্ত পিচে সম্ভবত খেলেছেন এবং সফলও হয়েছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ধরণটা আলাদা।”
ভারত যে ভুলগুলি উপেক্ষা করেছিল সেগুলি প্রকাশ্যে জানালেন দীনেশ কার্তিক
ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এরকম কঠিন পরিস্থিতিতে খেলতে ব্যর্থ হওয়া খেলোয়াড়দের সমর্থন করা ভারতের জন্য নিরর্থক। তিনি বলেন যে এই সমস্যাগুলো নতুন নয়। বাংলাদেশ সিরিজ থেকেই এই সমস্যাগুলি বিদ্যমান ছিল কিন্তু ভারতীয় দল তাদের উপেক্ষা করেছে কারণ তারা ম্যাচ জিতেছিল।
তিনি বলেন, “যখন আপনি কম রানে বেশ কয়েকবার আউট হন তখন মনে অনেকধরণের সংশয় দেখা দেয়, আত্মবিশ্বাস কমে যায়। তারপরে ক্রিজে গিয়ে নিজের উপর বিশ্বাস রেখে চাপ থেকে বেরোনোর জন্য বড়ো শটগুলি খেলা খুবই কঠিন। আমি ভারতীয় ব্যাটারদের প্রতি সত্যিই সহানুভূতিশীল, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এটাই হল টেস্ট ক্রিকেট।”
দীনেশ কার্তিক ভারতীয় দলকে উদ্দেশ্য করে পরামর্শ দেন। তিনি বলেন তৃতীয় টেস্টে হারের ফলে সবকিছু এখন স্পষ্ট হয়ে গেছে এবং এইবার ভারতীয় দলে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে।