নাইটদের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে দীনেশ কার্তিক, নারিন, বরুণদের আটকানোর ছক কষে দিচ্ছেন তিনিই
আপডেট করা - Mar 30, 2022 1:43 pm

কলকাতা নাইট রাইডার্স থেকে এবার দীনেশ কার্তিকের গন্তব্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের দ্বিতীয় ম্যাচেই দীনেশ কার্তিকদের দলকে খেলতে নামতে হচ্ছে সেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। একদিকে দীনেশ কার্তিক যেমন উদ্বিগ্ন তেমনই নাইট রাইডার্সের নানান খুটিনাটি নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাহায্য করতেও প্রস্তুত। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীদের আটকানোর জন্য আরসিবিকে নানান তথ্য দিয়েছেন দীনেশ কার্তিক।
দীর্ধ চার বছর কলকাতা নাইট রাইডার্স শিবিরের সদস্য ছিলেন দীনেশ কার্তিক। শুধু তাই নয় ২০২০ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন দীনেশ। কিন্তু দলের এবং তাঁর খারাপ পারফরম্যান্সের জেরে শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট রাইডার্স ম্যানেজেন্ট। তাঁর জায়গায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছিলেন ইয়ন মর্গ্যান। সেই দীনেশ কার্তিকই এবার রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে।
নাইট রাইডার্সে থাকার সূত্রে নারিন, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলদের যথেষ্ট কাছ থেকে দেখেছেন তিনি। বাইরের দলের থেকে তাদের শক্তি দুর্বলতা সম্বন্ধে খানিকটা হলেও বেশী জানেন তিনি। আর আইপিএলের দ্বিতীয় ম্যাচে নামার আগে সেই সমস্ত তথ্য দিয়েই ফাফ ডুপ্লেসিদের সাহায্য করা শুরু করে দিয়েছেন দীনেশ কার্তিক। আর এটা যে কলকাতা নাইট রাইডার্সের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে তা বলার অপক্ষা রাখে না।
নাইট রাইডার্স থেকে এবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন দীনেশ কার্তিক
এই প্রসঙ্গে দীনেশ কার্তিক আরসিবির সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “সত্যি কথা যদি ব্যাটার হিসাবে দেখি, তবে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন যেকোনও দলকেই সমস্যায় ফেলার জন্য যথেষ্ট। আর সেজন্যই আমাদের তাদের সম্বন্ধে নানান তথ্য আমার কাছে চেয়েছিল।আর সেই সমস্ত তথ্য দিয়েই আমি সাহায্য করেছি। তবে এখন দেখার হল মাঠে নেমে আমরা কতটা ভাল ক্রিকেট খেলতে পারি”।
আইপিএলের শুরুতেই কিন্তু এবার সকলর নজর কেড়েছেন দীনেশ কার্তিক। প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। যা দেখে খুশি আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিও। এবার সেই দীনেশ কার্তিকের সামনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামার আগে খানিকটা হলেও উদ্বিগ্ন হয়ে রয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁকে বাদ দেওয়ার জবাবটাও হয়ত এবার দিতে চান দীনেশ কার্তিক।
নারিন, বরুণদের শক্তি ও দুর্বলতার তথ্য তাঁর থেকেই নিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এই সম্বন্ধে কার্তিক জানিয়েছেন, “আমি সত্যিই খুব উদ্বিগ্ন হয়ে রয়েছি এই ম্যাচে নামার আগে। মনে হচ্ছে যেন আমাকে পুরনো স্কুল থেকে এবার নতুন স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, আর তাদের হয়েই পুরনো স্কুলের বিরুদ্ধে খেলতে নামছি। কলকাতা নাইট রাইডর্সের সঙ্গে নানান স্মৃতি জরিয়ে রয়েছে আমার। অবশ্য আমি তাদের সকলকেই যথেষ্ট শ্রদ্ধা করি। বিশেষ করে কেকেআরের সিইও-র সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভাল”।