আইপিএলের ফাইনালে পৌঁছনোর পরই সমালোচকদের জবাব হার্দিক পান্ডিয়ার
আপডেট করা - May 28, 2022 9:35 pm

মুখে নয় পারফরম্যান্স দিয়েই জবাবটা দিতে চেয়েছিলেন তিনি। আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সকে পৌঁছে দেওয়ার পরই যে সেই জবাবটা দেওয়া হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। রবিবার ফাইনালের মঞ্চে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। তার আগেই এবার মুখ খুললেন হার্দিক পান্ডিয়া। যে সমালোচকরা একসময় তাঁকে এবং তাঁর দলকে নিয়ে নানান কথা বলেছিলেন, এখন তারাই বোধহয় নিজেদের কথা ফিরিয়ে নিচ্ছেন। চুপ করে নিজেের পারফরম্যান্সটাই যে সকলকে জবাব তা হার্দিকের ইঙ্গিতেই স্পষ্ট।
এবারের আইপিএলে নতুন দল গুজরত টাইটান্স। দশদলের আইপিএলে এবার অভিষেক হয়েছিল গুজরাত টাইটান্সের। সেই দলেরই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএলের মেগা নিলামের আগেই এই তারকা ক্রিকেটারকে নিজেদের দলে তুলে নিয়েছিল গুজরাত। ১৫ কোটি টাকায় এবার গুজরাত টাইটান্সে গিয়েচিলেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয় গুজরাতের নেতৃত্বের দায়িত্বও তাঁর হাতেই তুলে দিয়েছিল তারা। কিন্তু হার্দিক কিংবা গুজরাত টাইটান্সকে নিয়ে কথাবার্তা থামেনি।
দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করেছে হার্দিক পান্ডিয়া। এমন পরিস্থিতিতে তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেইসঙ্গে গুজরাত টাইটান্সের দলগঠন নিয়ে সমালোচকরা সংশয় প্রকাশ করেছিলেন। এমনকী অনেককেই বলতে শোনা গিয়েছিল যে গুজরাত টাইটান্স প্লেঅফ পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রথম দর্শনেই গুজরাতকে খুব একটা আশার বাণী শোনা যায়নি কারোর মুখেই। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে সেই গুজরাত টাইটান্সই এবার ফাইনালে পৌঁছে গিয়েছে।
আইপিএলের অভিষেক মরসুমেই এবার ফাইনালে পৌঁছে গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্সের ওয়েবসাইটে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “এই মরসুম শুরু হওয়ার আগে অনেকেই আমাদের নিয়ে এবং আমার অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। আমার মনে হয় না তাদের জবাব দেওয়ার কোনও প্রয়োজন রয়েছে। আমার মতে চুপ করে থাকাটাই সবচেয়ে বড় জবাব। যারা আগে নানান কথা বলছিলেন, এখন হয়ত সেই কথা ফিরিয়ে নিচ্ছেন”।
এবারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত পারফরম্যা্ন্স প্রদর্শন করেছে গুজরাত টাইটান্স। জয় দিয়েই যাত্রা শুরু করেছিল তারা। লিগ পর্বে ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতেই জিতে শীর্ষে থেকে প্লেঅফে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। প্লেঅফেও তাদের সেই পারফরম্যান্সের ধারা অব্যহত রেখেছিল গুজরাত। রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের মরসুমে প্রথম দল হিসাবে ফাইনালেও পৌঁছেছে তারা। অভিষেক মরসুমেই এমন পারফর্ম্যান্স আইপিএলের মঞ্চে খুব কম দলেরই রয়েছে।
গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করাই এখন প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়ার। গুজরাতের টাইটান্সদের চ্যাম্পিয়ন করেই সমালোচকদের সমস্ত জবাবটা তারা দিতে পারে কিনা সেটাই এখন দেখার।