দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনিশ্চিত সিরাজের বিকল্প কি হর্ষল পাটেল?

বিশেষজ্ঞ দীনেশ কার্তিক ও অজয় জাডেজা আভেশের চেয়ে এগিয়ে রাখলেন হর্ষলকে

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত মহম্মদ সিরাজ। উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক এবং প্রাক্তন ক্রিকেটার অজয় ​​জাডেজা দ্বিতীয় ম্যাচের আগে মহম্মদ সিরাজের উপযুক্ত বদলি হিসেবে হর্ষল পাটেলকে নির্বাচন করেছেন। বুধবার জয়পুরে শেষ ওভারে বোলিং করার সময় সিরাজ তাঁর বাঁ হাতে চোট পান এবং সিরিজের বাকি ম্যাচগুলি মিস করতে পারেন। হর্ষল পাটেল সদ্য সমাপ্ত আইপিএলের চতুর্দশ সংস্করণের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।  

ব্যক্তিগতভাবে মনে করি হর্ষল পাটেল ভাল করবে – দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক বলেছিলেন যে হর্ষল পাটেল এবং আভেশ খান উভয়ই ভালো ফর্মে থাকলেও, হর্ষলের গতি পরিবর্তনের দক্ষতা রাঁচিতে কার্যকর হতে পারে। তিনি অবশ্য এটাও বলেছিলেন যে টিম ম্যানেজমেন্ট আভেশ খানের অতিরিক্ত গতির কারণে তাঁকেও বাছতে পারেন। ভারতের পেস বোলিংয়ে এতো অপশন থাকাকে কার্তিক “ভাল মাথাব্যথা” হিসেবে অভিহিত করেছেন।    

দীনেশ কার্তিক ক্রিকবাজকে বলেছেন, “তারা দুজনেই তাদের ক্যারিয়ারের সেরা বোলিং করছে। তাই তাদের যেকোনো একজনকে চোখ বুজে খেলানো যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি হর্ষল পাটেল ভাল করবে কারণ রাঁচীর ধীর উইকেটে তাঁর গতি পরিবর্তন কাজে আসবে। আভেশ খানও স্লোয়ার বোলিং খুব ভাল করে কিন্তু হর্ষল পাটেল এত ভাল ছন্দে বোলিং করছেন যে তাঁকে সুযোগ দিয়ে দেখতে হবে তিনি নতুন কী মাত্রা যোগ করছেন। তবে দীপক চাহার এবং ভুবি ১৩৫ কিমির গতিতে বোলিং করে। তাই গতির দরকার হলে বিকল্পটি হবেন আভেশ খান। এতো অপশন থাকাটা ভালো মাথাব্যথা।” 

একই ভিডিও কথোপকথনের সময় অজয় ​​জাডেজাও দীনেশ কার্তিকের সাথে একমত হন। তিনি উল্লেখ করেছেন যে বুধবার মহম্মদ সিরাজ যে নির্দিষ্ট ওভারগুলিতে বোলিং করেছিলেন (৪, ১১, ১৫ এবং ২০), তার জন্য হর্ষল সেরা বিকল্প হবেন। 

জাডেজা ব্যাখ্যা করেছেন, “সিরাজকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, সেভাবে হর্ষল পাটেলকেও ব্যবহার করা যায়। পাওয়ারপ্লেতে এক ওভার এবং শেষের দিকে দু-তিন ওভার। তাঁর শক্তি হল গতি পরিবর্তন। ব্যাটাররা যখন স্লগ ওভারে ব্যাটিং করেন তখন তাঁর স্লোয়ারগুলি আরও কার্যকর হয়ে ওঠে। আমি হর্ষলকেই বাছব।” 

আইপিএল ২০২১-এর শীর্ষ উইকেট শিকারী হর্ষল পাটেল আইপিএলের এক মরসুমে যৌথভাবে সর্বাধিক ৩২ উইকেট নিয়েছিলেন। ১৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আভেশ খান ঠিক তাঁর পিছনেই ছিলেন।