মুম্বইয়ে ইশান্তের জায়গায় মহম্মদ সিরাজকে দেখতে চান দীপ দাশগুপ্ত

তিনি বললেন ভবিষ্যতে ভারতের হয়ে তিন নম্বরে কাকে ব্যাট করতে দেখা যেতে পারে

Deep Dasgupta
Deep Dasgupta. (Photo Source: Instagram)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইশান্ত শর্মার পরিবর্তে মহম্মদ সিরাজকে নেওয়া উচিত। কানপুরের গ্রীন পার্কে উদ্বোধনী টেস্টে ৩৩ বছর বয়সী ইশান্তকে দেখে একবারও মনে হয়নি তিনি ব্যাটারদের বিপাকে ফেলতে পারেন। 

মোট ২২ ওভার বোলিং করেছিলেন দিল্লীর এই পেসার। পিচে পেসারদের জন্য বিশেষ সহায়তা ছিল না এবং তাই ইশান্তের বোলিং খুব অনায়াসেই নিউজিল্যান্ডের ব্যাটাররা খেলে দিয়েছেন। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা দীপ দাশগুপ্ত বলেছেন যে ফিট থাকলে সিরাজের প্রথম একাদশে আসা উচিত পরের ম্যাচে।

কেন মহম্মদ সিরাজকে দলে চায়ছেন, বিশ্লেষণ করেছেন দীপ দাশগুপ্ত 

“আমি তাকে কিছুক্ষণ আগে মাঠে বোলিং করতে দেখেছি, বোলিং করার সময় কোনও সমস্যা চোখে পড়ল না। আমার মনে হয় তার নন-বোলিং হাতে চোট লেগেছে এবং সেলাই পড়েছে। তাই, সিরাজের ফিট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তা হলে ইশান্তের জায়গায় সিরাজ আসতে পারে,” দাশগুপ্ত তাঁর ইউটিউব চ্যানেলে একটি প্রশ্নোত্তর সেশনে বলেছেন। 

চেতেশ্বর পূজারার সাম্প্রতিক অফ ফর্মের কারণে ৩ নম্বর স্লটে ভারত যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই নিয়েও দাশগুপ্ত মতামত দিয়েছেন। যিনি সমান দক্ষতার সাথে সিম এবং স্পিন বোলিং খেলতে পারেন, তাকে সেই স্লটে অন্তর্ভুক্ত করা উচিত বলে মত দেন দীপ। তিনি বলেছেন যে রুতুরাজ গায়কওয়াড় বা মায়াঙ্ক আগরওয়ালের মতো কেউ ৩ নম্বরে ব্যাট করার উপযুক্ত প্রার্থী।  

“মিডল অর্ডারে পাইপলাইনে বেশ কয়েকজন খেলোয়াড় আছে। সেখানে শ্রেয়াস আইয়ার আছে, তারপর শুবমান গিল আছে, যাকে আমার মনে হয় লাল বলের ক্রিকেটে মিডল অর্ডারের জন্য বেশি উপযুক্ত। তারপরে হনুমা বিহারী রয়েছে,” তিনি বলেছেন।  

“আরেকটি বিকল্প হল ওপেনারদের মধ্যে কাউকে ৩ নম্বরে খেলানো। মায়াঙ্ক আগরওয়াল ভালো স্পিন খেলেন, তাকে তিন নম্বরে বিবেচনা করা যেতে পারে। ৩ নম্বরে এমন একজনকে দরকার যিনি সিম খেলতে পারেন এবং স্পিনও ভালো পারেন। এই মুহূর্তে ৫ নম্বরের চেয়ে ৩ নম্বর পজিশন বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে রুতুরাজও ঢুকতে পারেন,” দাশগুপ্ত পরামর্শ দিয়েছেন। 

ভারতের কাছে প্রথম টেস্টে জেতার ভালো সুযোগ ছিল, কিন্তু ব্ল্যাক ক্যাপসের লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ় প্রতিরোধ এবং খারাপ আলো ম্যাচ জেতা থেকে ভারতকে বঞ্চিত করেছে। অ্যাজাজ প্যাটেল এবং রচিন রবীন্দ্র দশম উইকেটের জুটিতে ৫২ বল খেলে দিয়ে ম্যাচ ড্র রাখতে সক্ষম হন। ৩রা ডিসেম্বর শুক্রবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

close whatsapp