বারবার ব্যর্থ হলেও ঘুরে দাঁড়িয়েছেন তিনি, গুজরাতের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স নিয়ে মুখ খুললেন মিলার
আপডেট করা - May 30, 2022 6:01 pm

আইপিএলের মেগা নিলামের মঞ্চে প্রথম দিন তাঁকে কেউ কেনেনি। দ্বিতীয় দিন গুজরাত টাইটান্স ডেভিড মিলারকে দলে তুলে নিয়েছিল। তাদের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত হতে দেননি এই প্রোটিয়া তারকা। গুজরাত টাইটান্সের হয়ে এবার অন্যতম নায়ক হয়ে উঠেছিলেন তিনি। বহু কঠিন পরিস্থিতি থেকেই গুজরাত টাইটান্সকে জয় এনে দিয়েছিলেন। আগেও বহুবার বলেছেন। ফের একবার গুজরাত টাইটান্সের হয়ে তার এই সাফল্য নিয়ে মুখ খুললেন তিনি।
কঠিন পরিস্থিতির মধ্যে নিজের মাথা ঠান্ডা রেখে এবং লক্ষ স্থির রেখেই এই সাফল্য পেয়েছেন এবার ডেভিড মিলার। সেইসঙ্গে ছিল তাঁর কঠোর পরিশ্রম। যারফলে একসময় স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়া মিলার এবার সেই বাধাও দূর করে ফেলেছিলেন। আর সতীর্থদের থেকে সাহায্য তো সবসময়ই পেয়েছেন তিনি। দীর্ঘদিনের আইপিএলের কেরিয়ারে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ কখনও পাননি তিনি। গুজরাতের জার্সিতেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন। আবেগতাড়িত ডেভিড মিলার।
এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৪৮১ রান রয়েছে ডেভিড মিলারের
শেষ ছবছরে আইপিএলের একটি মাত্র মরসুমে ২০০ রানের গন্ডী টপকাতে পেরেছিলেন ডেভিড মিলার। সেইজন্য এবারের মেগা নিলামে সেই মিলারের দিকে কারোর নজর ছিল না। কিন্তু ভরসা রেখেছিল গুজরাত টাইটান্স। তিন কোটি টাকা দিয়েই এই বিধ্বংসী ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল তারা। আর প্রতি ম্যাচেই মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে দলকে জয়ের দিকে এগিয়ে দিয়েছেন কিলার মিলার। প্লেঅফের কোয়ালিফয়ারে তো তাঁর হাত ধরেই ফাইনালের টিকিট পাকা করেছিল মিলার।
গুজরাত টাইটান্সের হয়ে এই মিলারই এবার সাড়ে চারশো রানের গন্ডী টপকে গিয়েছে। কেমনভাবে তা সম্ভব হল, চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেই জানিয়েছেন সেই কথা। ডেভিড মিলারের জানিয়েছেন, এই দলের হয়ে এটাই আমার আইপিএলের সবচেয়ে স্মরণীয় মরসুম। প্রতিযোগিতার বিভিন্ন সময়ে প্রত্যেকেই দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আন্ডারডগ হয়ে প্রতিযোগিতায় নামার পর চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটাই অন্যরকম।
আইপিএলের মেগা নিলামের প্রথম অবিক্রিত ছিলেন ডেভিড মিলার
তিনি আরও জানান, “এবারে আমি আরও কঠোর পরিশ্রম করেছি। মিডল অর্ডারে ব্যাটিং করতে নামাটা সবসময়ই একটা কঠিন চ্যালেঞ্জ। নিজের রানরেট বজায় রেখে বিভিন্ন পরিস্থিতিতে সেই জায়গায় খেলাটা সত্যিই চ্যালেঞ্জের। সেখানেই নিজেকে সুযোগ করে দিয়েছি এবং শান্ত থেকেই এগিয়ে গিয়েছি”।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে হার্দিক পান্ডিয়ার পরই দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ডেভিড মিলার। শেষম্যাচেও দলের জয়ের মুহূর্তে শুভমন গিলের সঙ্গে ক্রিজে ছিলেন তিনি। ১৯ বলে ৩২ রানের ঝোরো ইনিংস খেলে দলের জয়টা সময়ের অনেক আগেই পাকা করে দিয়েছিলেন ডেভিড মিলার। শুধু তাই নয় এবারের আইপিএলে ডেভিড মিলারের রান রয়েছে ৪৮১। দলের হয়ে ফিনিশারের ভূমিকাতেও এার দক্ষভাবে দেখা গিয়েছে ডেভিড মিলারকে।