“ভারত একজন গুরুত্বপূর্ণ বোলারের অভাব বোধ করেছে”- দানিশ কানেরিয়ার মতে কুলদীপ যাদবের প্রথম একাদশে থাকা উচিত ছিল
আপডেট করা - Apr 3, 2023 4:23 pm

বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে পরাজিত হয়েছে ভারত। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া মনে করেন মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদবকে প্রথম একাদশে খেলানো দরকার ছিল। ইন্দোরে তৃতীয় টেস্টের পাশাপাশি প্রথম দুই টেস্টেও কুলদীপ যাদব প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। তিনটি টেস্টেই দলে ৩ জন স্পিনার এবং ২ জন পেসার খেলেছেন কিন্তু কুলদীপ একবারও বোলারদের তালিকায় নিজের নাম লেখাতে পারেননি।
এই টেস্টে জয়লাভ করার ফলে অস্ট্রেলিয়ার সামনে বর্ডার-গাভাস্কার ট্রফি ড্র করার পথ খুলে গেছে। এই মুহূর্তে সিরিজ দাঁড়িয়ে রয়েছে ২-১ ব্যবধানে। ঘরের মাঠের ভারতের টেস্টের রেকর্ড খুবই ভালো। তাই চতুর্থ টেস্ট যদি অস্ট্রেলিয়া জিতে নিয়ে সিরিজ ড্র করতে পারে তবে সেটা তাদের জন্য অনেক বড়ো পাওনা হবে।
দানিশ কানেরিয়ার মতে ফর্মে থাকা কুলদীপকে দলে না নিয়ে অনেক বড়ো ভুল করেছে ভারত
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন যে এই টেস্টে মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া উচিত ছিল। তার বদলে ইন্দোরের এই স্পিন সহায়ক পিচে কুলদীপ যাদবকে খেলাতে পারতো ভারত।
তিনি বলেন, “ভারত একজন গুরুত্বপূর্ণ বোলারের অভাব বোধ করেছে। কুলদীপ যাদব অসাধারণ ফর্মে আছেন, এবং তার প্রথম একাদশের অংশ হওয়া উচিৎ ছিল। ভারত এই ম্যাচে একজন ফাস্ট বোলারের সাথেও নামতে পারতো। উমেশ যাদব দলে ফ্রেস ভাবে দলে এসেছিলেন, তাই তাদের কাছে মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার বিকল্প ছিল।”
চলতি টেস্ট সিরিজে সিরাজের ঝুলিতে মাত্র ১ উইকেট
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর ৪টি টেস্টের মধ্যে ৩টি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তবে এই সিরিজ এখনও অবধি সিরাজের খুব একটা ভালো যায়নি। প্রথম টেস্টে সিরাজ মাত্র ১টি উইকেট নিয়েছিলেন। তারপর দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে উইকেট নিতে ব্যর্থ হয়েছেন তিনি।
অন্যদিকে কুলদীপ যাদব এখন দুর্দান্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তিনি ব্যাট এবং বল উভয়তেই তার প্রদর্শন দারুন ছিল। যার কারণে তাকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়। কিন্তু বর্ডার-গাভাস্কার ট্রফিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই চায়নাম্যান স্পিনার। ৯ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত চতুর্থ টেস্ট খেলতে নামবে। এবার শেষ টেস্টে তার ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার বিষয়।