দীপক চাহারকে না পেলেও বেশী মাথা ঘামাবে না সিএসকে, মত প্রাক্তন কিউয়ি স্পিনারের
তিনি চান চাহারের জায়গায় একজন বিদেশী পেসারকে খেলানো হোক
আপডেট করা - Mar 16, 2022 6:48 pm

প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) নিলামে সবচেয়ে বেশী ব্যয় করে কেনা দীপক চাহারকে চোটের জন্য না পেলে সেটা নিয়ে ভেবে বেশী উদ্বিগ্ন হবে না। চাহার সিএসকে-এর ষষ্ঠ-সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং তাদের সাম্প্রতিক খেতাব জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
২০শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-২০তে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট পান দীপক। ১৪ কোটি টাকার বিনিময়ে সিএসকে-তে বিক্রি হওয়া দীপক এরপর থেকে আর কোনো ক্রিকেট খেলেননি এবং সম্ভবত ২৬শে মার্চ থেকে শুরু হওয়া আইপিএল ২০২২-এর প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে থাকবেন না।
চেন্নাই সুপার কিংস কেন বাকি ফ্র্যাঞ্চাইজিদের চেয়ে আলাদা, সেই নিয়ে আলোচনা করলেন ভেট্টোরি
যদিও বেশিরভাগ আইপিএল দল এই ধরনের ঘটনার পরে যথেষ্ট চাপে পড়ে যেত, তবে ড্যানিয়েল ভেট্টোরির মতে সিএসকে চাহারের অভাবকে বেশী গুরুত্ব দেবে না। ইএসপিএনক্রিকইনফোর শো ‘রানঅর্ডার’-এ, কিউই বলেছেন যে এই ধরনের ব্যবহারিক চিন্তাভাবনার কারণেই চারবারের চ্যাম্পিয়নরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাকিদের চেয়ে আলাদা।
তিনি বলেছেন, “অন্য প্রতিটি দল এটিকে কেন্দ্র করে উদ্বিগ্ন হত, তবে আমি মনে করি না চেন্নাই উদ্বিগ্ন হবে। আমি মনে করি চেন্নাই এই অবস্থা থেকে এগিয়ে যাবে এবং তারা কারওর অভাব পূরণ করার কথা ভাববে … চেন্নাই বিষয়গুলির ব্যাপারে এতটাই বাস্তববাদী যে তারা বলে, ‘ঠিক আছে আমরা একজন ভালো বোলারকে পাচ্ছি না কিন্তু আমরা তাকে অমুককে দিয়ে প্রতিস্থাপন করে নেমে পড়ব।’ আমি মনে করি তারা এমন গুটিকয়েক দলের মধ্যে পড়ে যারা একজন খেলোয়াড়ের জন্য ১৪ কোটি টাকা খরচ করেও তাকে ছাড়া এগিয়ে যেতে পারে। চেন্নাই এই কারণেই আলাদা।”
চাহার, একজন নতুন বল বিশেষজ্ঞ, গত চার মরসুমের প্রতিটিতে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন। মুম্বইয়ের পেস সহায়ক পিচে বল সুইং করার এবং প্রথম দিকে উইকেট তোলার সহজাত ক্ষমতা অন্য কোন বোলারের থেকে পাওয়া কঠিন হবে।
ড্যানিয়েল ভেট্টোরিও স্বীকার করেছেন যে সিএসকে যেভাবেই গ্রহণ করুক না কেন, চাহারকে হারানো তাদের জন্য “বিশাল ক্ষতি”। তিনি মনে করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাহারের বদলে ঘরোয়া বোলার নেওয়া উচিত নয়। প্রাক্তন নিউজিল্যান্ড স্পিনার চান সিএসকে তাদের বিদেশী কম্বিনেশনে পরিবর্তন এনে নিউজিল্যান্ডের অ্যাডাম মিল্ন এবং ইংল্যান্ডের ক্রিস জর্ডানের মধ্যে একজনকে যেন দলে ঢোকায়।
তিনি বলেছেন, “যদি সে কিছু ম্যাচ না খেলে সেটা একটা বিরাট ক্ষতি। আমি মনে করি তাদের বিদেশী বোলারদের পুনর্বিন্যাস করতে হবে এবং দেখতে হবে অ্যাডাম মিল্ন খেলতে পারে নাকি ক্রিস জর্ডান। এর ফলে হয়তো [ডেভন] কনওয়ের মতো কাউকে খেলানো যাবে না এবং তাদের [রবিন] উথাপ্পাকে দলে আনতে হতে পারে… তবে আমি মনে করি না যে তারা চাহারকে একজন ঘরোয়া বোলার দিয়ে প্রতিস্থাপন করতে পারবে, তাদের উচিত হবে তার জায়গায় একজন আন্তর্জাতিক বোলার আনা।”