“সিএসকেকে যে কোনো মাঠে হারানো কঠিন” – আইপিএলের এল ক্লাসিকো প্রসঙ্গে মন্তব্য কাইফের
শনিবার মুম্বাই প্রথম হোম ম্যাচে নামছে সিএসকের বিরুদ্ধে
আপডেট করা - Apr 8, 2023 1:45 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দুটি ফ্র্যাঞ্চাইজি ৮ই এপ্রিল, শনিবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে। উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে হেরেছে এবং বলিষ্ঠ প্রত্যাবর্তন করে এই মরসুমে তাদের প্রথম ম্যাচ জিততে মরিয়া হবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতেছিল, কিন্তু অধিনায়ক এমএস ধোনি তাঁর দলের পেসারদের বোলিংয়ে মুগ্ধ হননি।
এখন, মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন কাজ বলে মনে করা হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআইয়ের বিরুদ্ধে জয় পাওয়া সিএসকের জন্য দুঃসাধ্য মনে করা হলেও সাম্প্রতিক ফর্মের বিচারে ‘ভারতীয় এল ক্লাসিকো’-তে এগিয়ে রয়েছে চেন্নাই। এদিকে, প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক মহম্মদ কাইফ মনে করিয়ে দিয়েছেন যে যদিও ওয়াংখেড়েতে এমআই সব সময়ই শক্তিশালী, তবে সিএসকে যে কোনো মাঠে যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে।
“এমআইকে সবসময় ঘরের মাঠে শক্তিশালী দেখায়, কিন্তু সিএসকেকে যে কোনো মাঠে হারানো কঠিন। এমন পরিস্থিতিতে এমআইকে ওয়াংখেড়েতে কঠোর পরিশ্রম করতে হবে এই মরসুমে তাদের প্রথম দুটি পয়েন্ট পেতে,” স্টার স্পোর্টসে ৪২ বছর বয়সী বলেছেন।
উভয় দলই তাদের বোলারদের উপর নির্ভর করবে বিজয়ী হওয়ার জন্য: কৃষ্ণমাচারী শ্রীকান্ত
এই মুহুর্তে জাসপ্রিত বুমরাহ্ অনুপস্থিত থাকায়, এমআই ক্যাম্পে অন্যান্য ভারতীয় পেসারদের অনেক দায়িত্ব নিতে হবে। পেসার জোফ্রা আর্চার আগের ম্যাচে আরসিবির বিপক্ষে খুব একটা কার্যকর ছিলেন না। তাই বড় ম্যাচের আগে অনেক কিছু সমাধান করতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে।
চারবারের চ্যাম্পিয়নদেরও উদ্বিগ্ন হওয়ার জায়গা রয়েছে। দেশীয় পেসাররা এখনও পর্যন্ত সাধারণ মানের পারফর্ম্যান্স দেখিয়েছেন এবং ডেথ বোলিংয়ে উন্নতি করতে হবে। এদিকে, ভারতের প্রাক্তন ব্যাটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত জানিয়েছেন যে উভয় দলই আগামী ম্যাচে তাদের বোলারদের উপর নির্ভর করবে কারণ তাদের পারফর্ম্যান্সই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে।
“উভয় দলই তাদের বোলারদের উপর নির্ভর করবে বিজয়ী হওয়ার জন্য এবং যে দল ব্যাট হাতে ভালো করবে তারাই জিতবে। তাই রোহিত শর্মাকে আমি পরামর্শ দেব সে যেন নিজের উপর বেশী চাপ না নেয়। তার স্বাভাবিক খেলা খেলা উচিৎ এবং নিজেকে প্রকাশ করা উচিৎ,” ৬৩ বছর বয়সী বলেছেন।