ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করল সিএবি, সরাসরি সম্প্রচার হবে ফোরাম মলের আইনক্সে

লর্ড'সে ২৪শে সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন

Jhulan Goswami
Jhulan Goswami. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী শেষবারের মতো ভারতের জার্সি গায়ে ২২ গজে নামবেন। ২০ বছরের রঙিন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার এবার থেমে যাচ্ছে। শনিবার, ২৪শে সেপ্টেম্বর, লর্ড’সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ময়দানের পরিচিত ‘ঝুলু’ দি। বাঙালিদের মধ্যে তো আছেই ভারতীয় ক্রিকেট মহলেও স্বাভাবিকভাবেই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনার রেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার এলগিন রোডের ফোরাম মলের আইনক্সে ইংল্যান্ড ও ভারত মহিলা দলের মধ্যে চলমান ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ সরাসরি বড় পর্দায় সম্প্রচার করার বিশেষ ব্যবস্থা করেছে সিএবি। কলকাতার সাধারণ ভক্তরা ২৪শে সেপ্টেম্বর দুপুর ২:৩০টা থেকে ‘চাকদহ এক্সপ্রেস’-এর শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারবেন। কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ঝুলনের দীর্ঘদিনের সতীর্থ মিতালী রাজ। আজ ঝুলনের দীর্ঘ দুই দশকের কেরিয়ারে যবনিকা পতনের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটে আরও একটি অধ্যায়ের সমাপ্তি হবে। 

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ম্যাচ সম্প্রচারের আয়োজন সম্পর্কে বলেছেন, “এটি শেষবারের মতো, এবং এটি ঝুলন গোস্বামীর সমস্ত ভক্তদের জন্য বিশেষ হওয়া উচিত। এবং এটি আমাদের জন্যও বিশেষ।”

একটি বর্ণাঢ্য কেরিয়ারের সমাপ্তি

নদীয়ার চাকদহ থেকে শুরু হওয়া ঝুলনের সংগ্রাম সাফল্যে পরিণত হওয়ার পথে মহিলাদের ক্রিকেটে ভারতকে আন্তর্জাতিক স্তরে অনেক উঁচুতে নিয়ে গেছে। স্রেফ একটি অংশগ্রহণকারী দেশ থেকে ভারত আজ শিরোপা জয়ের লড়াইয়ে থাকা দল। এই সব কিছুর পিছনে ঝুলনের ৩৫২টি আন্তর্জাতিক উইকেটের অবদান কম নয়। আইসিসির বিচারে ২০০৭-এ সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ঝুলন। ডায়ানা এডুলজির পর দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন।

ঝুলনের ওডিআই পরিসংখ্যান সম্পর্কে, ২০৩টি ওয়ানডেতে ২৫৩ উইকেট রয়েছে তাঁর, যা একটি বিশ্ব রেকর্ড। বোলিং গড় ২২.১০ এবং ইকোনমি রেট ৩.২৭, যা এখনকার দিনের ক্রিকেটে ঈর্ষণীয় পরিসংখ্যান। ব্যাট হাতে তাঁর সংগ্রহে ১২২৮ রান।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার ঝুলনের অবসর নিয়ে কথা বলেছেন। ঝুলনের প্রশংসা করে সৌরভ বলেন, “ঝুলন একজন সত্যিকারের কিংবদন্তী।”

close whatsapp