ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয় দেখে বাকরুদ্ধ ব্রায়ান লারা
মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ
আপডেট করা - Oct 24, 2021 8:04 pm

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয় দেখে স্তম্ভিত হয়ে গেছেন। দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৪.২ ওভারে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকেই চাপে রেখেছিল।
তবে খুব উচ্চাকাঙ্ক্ষী ইংল্যান্ড সমর্থকও বোধহয় আশা করেননি বিগত সংস্করণের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এমন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মাত্র ৫৫ রানে ১০টি উইকেট হারানো প্রসঙ্গে স্টার স্পোর্টসের শোয়ে লারা বলেছেন, “এভাবে খেলাটা খুবই হতাশাজনক। আমার ভীষণই অবিবেচক মনে হয়েছে, যা ঘটল তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি প্রচণ্ড হতাশ।”
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়ন মর্গ্যান টস জেতেন এবং প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান। দ্বিতীয় ওভার থেকেই তারা উইকেট খোয়াতে শুরু করে। তারকা ব্যাটার এভিন লিউইসকে ভাগ আউটে ফেরান ক্রিস ওকস। পরের ওভারেই লেন্ডল সিমন্সকে আউট করেন মইন আলি।
ক্রিজে তখন ক্রিস গেইল ও শিমরন হেটমায়ার। বাঁ হাতি ব্যাটারদের দেখে ম্যাচ-আপ হিসেবে মর্গ্যান টানা চারটি ওভার করিয়ে দেন মইন আলিকে। তিনি নির্ধারিত ৪ ওভারে একটি মেডেনসহ ১৭ রান দিয়ে সিমন্স ও হেটমায়ারের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন।
তিন পেসার নিয়ে নামা ইংল্যান্ড মইনের অন্য প্রান্ত থেকে নাগাড়ে জোরে গতির বোলার দিয়ে আক্রমণ করতে থাকে। টিমাল মিলস (২/১৭), ক্রিস ওকস (১/১২) ও ক্রিস জর্ডান (১/৭) নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকেন। ফলে একবারের জন্যও তারকাখচিত ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ তাদের পরিচিত বিধ্বংসী মেজাজে আসতে পারেনি।
তবে আদিল রশিদ বোলিং আক্রমণে আসতেই ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরো খারাপ হয়। তিনি ২.২ ওভারে ১২টি ডট বল দিয়ে মাত্র ২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। আন্তর্জাতিক টি-২০তে ইংল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড করেন তিনি। ক্রিস গেইল ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোন ব্যাপার দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। গেইলের সংগ্রহ ১৩ বলে ১৩। ওয়েস্ট ইন্ডিজের গোটা ইনিংসে ছক্কা মাত্র একটি।