অ্যাশেজ সিরিজের প্ৰথম টেস্টে ইংল্যান্ডের পরাজয় নিয়ে মুখ খুললেন হরভজন সিং
আপডেট করা - Jun 21, 2023 2:04 pm

অ্যাশেজ সিরিজ ২০২৩-এর প্ৰথম টেস্টের শেষ দিনে একটি রুদ্ধশ্বাস জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল জেতার পর অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট জয় পাওয়া অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই একটি অনেক বড় ব্যাপার।
পঞ্চম দিনে ৮০ তম ওভার সম্পূর্ণ হওয়ার পর ইংল্যান্ড নতুন বল উপলব্ধ থাকা সত্ত্বেও সেটি না নিয়ে জো রুটকে দিয়ে পুরোনো বলে বল করিয়েছিলেন। সেই ওভারেই অ্যালেক্স কেরিকে প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হয়েছিলেন রুট। কেরি ৫০ বলে ২০ রান করেছিলেন।
অ্যালেক্স কেরি যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২২৭/৮। এরপর অধিনায়ক প্যাট কামিন্স এবং নাথান লিয়ন মিলে অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন। কামিন্স ৭৩ বলে অপরাজিত ৪৪ রানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। তার এই অসাধারণ ইনিংসটিতে ছিল ৪টি চার এবং ২টি ছয়। অন্যদিকে নাথান লিয়ন ২টি চার সহ ২৮ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। কামিন্স এবং লিয়নের মধ্যে ৫৫* রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে উঠেছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং প্যাট কামিন্সের প্রশংসা করেছেন। এছাড়াও তিনি মনে করছেন যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের আরও আগে নতুন বল নেওয়া উচিত ছিল।
হরভজন সিংয়ের বক্তব্যকে স্পোর্টসকিডা উদ্ধৃত করেছে, “প্যাট কামিন্স যে ইনিংসটি খেলেছেন সেটার জন্য তার প্রশংসা করতেই হবে, তিনি ব্যাটিং ক্রমের নিচের দিকে নেমে একটি অধিনায়কের ইনিংস খেলেছেন। বেন স্টোকস নতুন বল না নিয়ে ভুল করেছিলেন, তারা এটি নিতে খুব বেশি দেরি করে ফেলেছিল।”
তিনি আরও বলেন, “ইংল্যান্ড ভেবেছিল তারা পুরানো বল দিয়ে কামিন্স এবং লিয়নকেও আউট করে দেবে, কিন্তু অস্ট্রেলিয়া পরিবর্তে পাল্টা আক্রমণ করে এগিয়ে গিয়েছিল।”
“কেরি আউট হওয়ার পরেই তার এটি নেওয়া উচিত ছিল” – অ্যালেক্স কেরি
হরভজন সিং মনে করছেন যে অ্যালেক্স কেরির উইকেটটি পাওয়ার পরেই ইংল্যান্ডের নতুন বলটি নেওয়া উচিত ছিল। এছাড়াও তিনি মনে করছেন যে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে কামব্যাক করবে।
হরভজন সিং বলেন, “সেই মুহূর্তে নতুন বলেন দরকার ছিল, কেরি আউট হওয়ার পরেই তার এটি নেওয়া উচিত ছিল। যখন এটি নেওয়া হয়েছিল, কামিন্স এবং লিয়ন দুজনেই সেট হয়ে গিয়েছিলেন। এখন চাপ ইংল্যান্ডের উপর থাকবে, তবে তারা এখনও পর্যন্ত যেভাবে খেলেছে, আমার মনে হয় তারা দৃঢ়ভাবে ফিরে আসবে।”