বাংলাদেশ বনাম ভারত: প্রথম টেস্ট, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
তাসকিন আহমেদের না খেলা একপ্রকার নিশ্চিত
আপডেট করা - Dec 13, 2022 5:45 pm

১৪ই ডিসেম্বর, বুধবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ওডিআই সিরিজে ভারত হারলেও টেস্ট ফর্ম্যাটে টিম ইন্ডিয়া সাম্প্রতিক কালে প্রচুর সাফল্য পেয়েছে, তাই আয়োজক বাংলাদেশকে নিজেদের সেরা পারফর্ম্যান্স দেখাতে হবে।
বেশ কিছু খেলোয়াড় চোট পাওয়ায় ভারতের পক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে নামা সম্ভব হচ্ছে না। অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন এবং রবীন্দ্র জাডেজা ও জসপ্রিত বুমরাহ্ আগেই ছিটকে গিয়েছিলেন। স্কোয়াডে নতুন মুখ অভিমন্যু ঈশ্বরন ও সৌরভ কুমার। এ ছাড়া বারো বছর পরে টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে জয়দেব উনাদকাটের।
অন্যদিকে তাসকিন আহমেদ ছাড়া বাংলাদেশের স্কোয়াডে চোট-আঘাত নিয়ে বিশেষ উদ্বেগ নেই। টেস্ট দলের হয়ে প্রথমবারের জন্য খেলতে দেখা যেতে পারে জাকির হাসানকে। একাদশে টেস্ট বিশেষজ্ঞ মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, তাইজুল ইসলামদের খেলা প্রায় নিশ্চিত।
পিচ কন্ডিশন
বাংলাদেশের বাকী জায়গার মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচও স্পিনারদের জন্য অনুকূল হবে। তবে সেট হয়ে গেলে ব্যাটাররা বড় স্কোর তুলতে পারবেন। টস জয়ী দল প্রথমে ব্যাটিং করার কথা ভাবতে পারে। প্রথম ইনিংসে ৪০০-র কাছাকাছি রান তুলতে পারলে অনেকটাই নিরাপদ অবস্থানে থাকা সম্ভব।
উভয় দলের কম্বিনেশন
বাংলাদেশ
স্পিন বিভাগকে শক্তিশালী করে একাদশ সাজাবে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যাবে নবাগত জাকির হাসানকে। কোচ রাসেল ডমিঙ্গো যে ইঙ্গিত দিয়েছেন তাতে তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা নেই। লিটন দাস ও মুশফিকুর রহিম থাকলেও গ্লাভস হাতে দেখা যাবে নুরুল হাসানকে।
সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
ভারত
ওপেনার হিসেবে ভারতের টেস্ট দলের হয়ে আত্মপ্রকাশ ঘটতে পারে অভিমন্যু ঈশ্বরনের। তবে শুবমান গিলকেও এই ভূমিকায় দেখা যেতে পারে। বোলিং বিভাগে তিন স্পিনার ও দুই পেসারের পরিকল্পনা নিয়ে নামতে পারে ভারত। চোটের কারণে ওডিআই সিরিজে অনুপস্থিত থাকা ঋষভ পান্ত উইকেটকিপার হিসেবে ফিরে আসছেন।
সম্ভাব্য একাদশ: অভিমন্যু ঈশ্বরন, কেএল রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
বাংলাদেশ বনাম ভারত হেড-টু-হেড
ম্যাচ – ১১ | বাংলাদেশ – ০ | ভারত – ৯ | ড্র – ২
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১৪ই ডিসেম্বর, ভারতীয় সময় সকাল ৯:০০
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ