“আরও কঠোর শব্দ ব্যবহার করতে চাই” – কুলদীপ যাদব বাদ যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ সুনীল গাভাস্কার
কুলদীপের জায়গায় একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে জয়দেব উনাদকাটকে
আপডেট করা - Dec 22, 2022 3:37 pm

মীরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল তারকা স্পিনার কুলদীপ যাদবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই হতবাক হয়েছেন। বাঁ-হাতি রিস্ট স্পিনার আগের ম্যাচে এতোটাই ভালো পারফর্ম করেছিলেন যে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তবুও সিরিজের নির্ণায়ক দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের জন্য তাঁকে একাদশের বাইরে রাখা হয়। প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘একেবারেই অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে লাল বলের দলে বাইশ মাস পরে প্রত্যাবর্তন করেছিলেন কুলদীপ যাদব। তিনি প্রথম ইনিংসে অসাধারণ বোলিং করে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং ম্যাচে মোট আট উইকেট নিয়ে ভারতকে একটি আধিপত্যপূর্ণ জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। তবে তাঁর ম্যাচ জয়ী পারফর্ম্যান্স সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না কারণ তাঁর জায়গায় জয়দেব উনাদকাটকে দলে আনা হয়েছে।
একজন ম্যান অফ দ্য ম্যাচকে বাদ দেওয়া একেবারেই অবিশ্বাস্য: সুনীল গাভাস্কার
এই সিদ্ধান্তটি বেশ কিছু ক্রিকেট অনুরাগী এবং বিশেষজ্ঞরা ভালোভাবে গ্রহণ করেননি। দল থেকে স্পিনারকে বাদ দেওয়ার পদক্ষেপের সমালোচনা করেছিলেন তাঁরা। প্রাক্তন ভারতীয় ওপেনার এবং ব্যাটিং কিংবসন্তী সুনীল গাভাস্কারও এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন এবং মনে করেছেন যে যদি কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হয়েই থাকে তবে তারা দলের অন্য একজন স্পিনারকে বাদ দিতে পারত।
“একজন ম্যান অফ দ্য ম্যাচকে বাদ দেওয়া একেবারেই অবিশ্বাস্য…এবং অবিশ্বাস্য একটি খুব মৃদু শব্দ। আমি আরও কঠোর শব্দ ব্যবহার করতে চাই। আপনি এমন একজন খেলোয়াড়কে বাদ দিয়েছেন যিনি শেষ ম্যাচে ২০ উইকেটের মধ্যে আটটি নিয়েছিলেন এবং অন্য দুইজন স্পিনারও ছিল। এই দুজনের মধ্যে একজনকে বাদ দেওয়া উচিত ছিল এবং যা-ই হোক না কেন তার খেলা উচিত ছিল,” গাভাস্কার সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন।
দ্বিতীয় ম্যাচে কুলদীপের জায়গায় আসা জয়দেব উনাদকাট ১২ বছরের বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরে এসে মুগ্ধ করেছেন। শেষবার যখন তিনি ভারতের হয়ে খেলেছিলেন, তখন রাহুল দ্রাবিড় প্রথম একাদশের অংশ ছিলেন এবং এখন দ্রাবিড় প্রধান কোচ। উনাদকাট শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অতিরিক্ত গতি এবং বাউন্স পেতে সক্ষম হয়েছেন এবং ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।