ভারতের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পাকিস্তানকে আহ্বান করলেন ইমরান খান, জানালেন অধিনায়ক বাবর আজম
অতীত ভুলে সামনে তাকানোর ডাক বাবরের
আপডেট করা - Oct 24, 2021 4:01 pm

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দুই দলের লড়াই নিঃসন্দেহে হতে যাচ্ছে উত্তেজনায় ঠাসা। তবে বিশ্বকাপে দুই দলের লড়াই মানেই যেন ভারতের জয়জয়কার।
চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আজ মুখোমুখি তাদের প্রথম ম্যাচে। টি-২০ বিশ্বকাপে ৫বার মুখোমুখি হয়েও পাকিস্তান একবারও ভারতকে হারাতে পারেনি। আজ তাদের সামনে সুযোগ লজ্জার রেকর্ড ভাঙ্গার। অন্যদিকে ভারতের লক্ষ্য হবে তাদের দাপট বজায় রাখার।
কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদেরকে অতীত ভুলে সামনে তাকানোর জন্য উদ্বুদ্ধ করেছেন পাকিস্তানের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম, ‘সত্যি কথা বলতে, যা ঘটে গেছে তা এখন আমাদের আয়ত্বের বাইরে। ম্যাচের দিন আমরা আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই যেন আমরা একটা ভালো ফল পেতে পারি। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক অধিনায়ক ইমরান খানের সাথে হওয়া সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খান আমাদের সঙ্গে দেখা করেছিলেন এবং ১৯৯২ সালের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ভাগাভাগি করেছিলেন। ভারতের বিপক্ষে তিনি আমাদের আগ্রাসী ও ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলেছেন।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ২-এ লড়বে পাকিস্তান। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। সেমিফাইনালে যেতে হলে তাই বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে বাবরের দলকে। এগুলো বেশ ভালো করেই জানেন বাবর, ‘পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ মানেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তাই ম্যাচে আমাদের তিনটি বিভাগের প্রতিটিতে ভালো করতে হবে। জয় দিয়ে শুরু করাটা জরুরি এবং এরপর আমরা ম্যাচ ধরে ধরে হিসাব করব।’
দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।