স্টিভ স্মিথকে বিপাকে ফেলার প্রধান অস্ত্র হতে পারেন অক্ষর প্যাটেল, মত প্রাক্তন অলরাউন্ডারের

ভারতে আয়োজিত শেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে স্মিথ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI/Twitter)

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন যে অক্ষর প্যাটেল আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে বিপাকে ফেলতে পারেন। ২০১৬-১৭তে অস্ট্রেলিয়া যখন শেষবার ভারতে টেস্ট সিরিজ খেলছিল, তখন স্মিথ ৪ ম্যাচে ৪৯৯ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। অস্ট্রেলিয়া সিরিজ হারলেও ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে স্মিথ ভারতের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

সিরিজের আগে স্টার স্পোর্টসে আলোচনার সময় পাঠান স্মিথকে একজন অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলে অভিহিত করেছেন। তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন তাঁর মতো উচ্চ মানের একজন ব্যাটারের বিরুদ্ধে ভারতের একটি সঠিক পরিকল্পনা থাকা দরকার।

“এতে কোনো সন্দেহ নেই। সে অবশ্যই একজন অস্ট্রেলিয়ান কিংবদন্তী। অস্ট্রেলিয়ার ইতিহাসের দিকে তাকালেও তার স্থান খুঁজে পাওয়া যাবে। সে ভারতীয় বোলারদের অনেক কষ্ট দিয়েছে, প্রচুর রান করেছে। তার কঠিন বটম হ্যান্ড থাকা সত্ত্বেও সে উইকেটের সামনে, অফ এবং লেগ সাইডে রান করার উপায় খুঁজে বার করে। আমাদের একটি সঠিক পরিকল্পনা থাকা দরকার,” বলেছেন পাঠান।

অক্ষরের উচ্চতার জন্য চাপে পড়তে পারেন স্মিথ, মনে করছেন ইরফান পাঠান

ভারতের সামনে স্মিথ বড় চ্যালেঞ্জ উত্থাপন করবেন, এই কথা পাঠান মেনে নিলেও অক্ষর প্যাটেলকে স্মিথের ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন প্রাক্তন অলরাউন্ডার। উচ্চতাকে কাজে লাগিয়ে অক্ষর অস্ট্রেলিয়ার তারকে ব্যাটারকে প্রতিকূল পরিস্থিতির মুখে ফেলতে পারেন বলে মনে করছেন বাঁ-হাতি বোলার।

“ভারতীয় দলের জন্য স্টিভ স্মিথের চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু আমি মনে করি একজন বোলার, যাকে নিয়ে আমার আশা রয়েছে, যে স্মিথের বিপক্ষে সাফল্য পেতে পারে সে হল অক্ষর প্যাটেল। সে যদি নিয়মিত সব ম্যাচ খেলে, তার উচ্চতার জন্য বড় হুমকি হতে পারে,” পাঠান যোগ করেছেন।

প্রাক্তন ক্রিকেটার বলেছেন যে যদি অক্ষর প্যাটেল ক্রমাগত স্টাম্পে বোলিং করেন তবে স্মিথকে সমস্যায় ফেলতে পারবেন। “সে যে লাইন ও লেংন্থে সোজা সোজা বোলিং করে, তাতে স্টিভ স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউ বা বোল্ড করতে পারে, বিশেষ করে স্মিথ যেখানে তার নীচের হাতটি প্রচুর ব্যবহার করে। একজন বোলার যে ক্রমাগত স্টাম্পে বোলিং করে সে স্মিথের বিরুদ্ধে ঘাত্তক প্রমাণিত হতে পারে,” বলেছেন পাঠান।

ভারত ৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে। এই দুই দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

close whatsapp