এশিয়া কাপ ২০২২, ম্যাচ ১: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
এর আগে দুই দলের একমাত্র টি-২০ ম্যাচে শ্রীলঙ্কা জয়ী হয়
আপডেট করা - Aug 26, 2022 7:20 pm

১৫তম এশিয়া কাপের মূলপর্ব শুরু হবে ২৭শে অগাস্ট, শনিবার, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ দিয়ে। ২০১৬-র সংস্করণের পরে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ফর্ম্যাটে মহাদেশীয় টুর্নামেন্টটি খেলা হচ্ছে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আফগানিস্তান টুর্নামেন্টে নামছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-৩ ব্যবধানে হেরে। সিরিজটির প্রথম দুই ম্যাচ হারলেও তারপরের দুটি ম্যাচ জিতে দুরন্ত প্রত্যাবর্তন করলেও শেষ ম্যাচে হেরে যায় ৭ উইকেটে। স্কোয়াডে মহম্মদ নবি, রশিদ খান, নাজিবুল্লাহ্ জাদরানদের মতো অভিজ্ঞদের পাশাপাশি ফজলহক ফারুকী, মুজিব-উর-রহমানের মতো তরুণরাও আছেন যাঁরা ইতিমধ্যেই আইপিএলের মতো বড় টুর্নামেন্টে নজর কেড়েছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের শেষ টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ ব্যবধানে হেরেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কা শেষবার কোন টি-২০ সিরিজ জিতেছিল ২০২১-এর জুলাইয়ে, তাও কোভিডে জেরবার তুলনামূলক দুর্বল ভারতীয় দলের বিরুদ্ধে। শ্রীলঙ্কার স্কোয়াডে বেশ কিছু অভিজ্ঞ মুখ থাকলেও ধারাবাহিকতার অভাব প্রবল। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন-আপের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে লঙ্কানদের।
পিচ রিপোর্ট
দুবাইয়ের পিচে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা হওয়ায় দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার পরিকল্পনা করতে পারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে খুব বেশী সমস্যা হবে না কোন দলেরই। ১৬০-এর কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা।
কোন দলের কেমন কম্বিনেশন
আফগানিস্তান
আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপে সম্প্রতি যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে তা হল নাজিবুল্লাহ্ জাদরানকে কেবলমাত্র ফিনিশার হিসেবে না খেলিয়ে অনেক বেশী ওভার ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে আফগানরা অনেক আগে থেকে পাওয়ার-হিটিং শুরু করছে। লোয়ার অর্ডারে রশিদ খান, আজমতউল্লাহ্ ওমরজাইয়ের মতো কার্যকর ব্যাটাররা থাকায় ডেথ ওভারে আফগানিস্তান খুবই বিপজ্জনক। পাওয়ারপ্লে ওভারে হযরতউল্লাহ্ জাজাই, রহমানউল্লাহ্ গুরবাজদের কারণে সাবধান থাকতে হবে শ্রীলঙ্কাকে।
সম্ভাব্য একাদশ: হযরতউল্লাহ্ জাজাই, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নাজিবুল্লাহ্ জাদরান, মহম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ্ ওমরজাই, নাভীন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী।
শ্রীলঙ্কা
চোটের কারণে দুষ্মান্থা চামিরাকে হারানোয় শ্রীলঙ্কার পেস আক্রমণ খুবই দুর্বল দেখাচ্ছে। ফলে স্পিনারদের উপরে বেশী নির্ভর করতে হবে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীষ থীকশানার মতো দুজন টি-২০ উপযোগী বোলারকে দিয়ে আক্রমণ করার কথা ভাববেন অধিনায়ক দাসুন শানাকা। ডেথ ওভারে শানাকার নিজের ব্যাটিং অনেক উন্নত হয়েছে এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার প্রমাণও পাওয়া গিয়েছে। ভানুকা রাজাপাকসা, কুসাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা-সমৃদ্ধ মিডল অর্ডার দলকে ১৫০-১৭০ স্কোর এনে দেওয়ার ক্ষমতা রাখে।
সম্ভাব্য একাদশ: দানুষ্কা গুণাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকসা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কারুণারাত্নে, মাহীষ থীকশানা, আসিথা ফার্নান্ডো।
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড
ম্যাচ – ১ | আফগানিস্তান – ০ | শ্রীলঙ্কা – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার