তিন বছর পর ইংল্যান্ড টি-২০ তারকা অ্যালেক্স হেলস বিশ্বকাপের আগে দলে ফিরলেন

২০১৯-এর মে মাসে শেষবার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন হেলস

Alex Hales
Alex Hales. (Photo by Stu Forster/Getty Images)

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড চোট পাওয়া জনি বেয়ারস্টোর বদলি হিসেবে অ্যালেক্স হেলসকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ স্কোয়াডে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। উইকেটকিপার-ব্যাটার বেয়ারস্টো গল্ফ খেলার সময় বাম গোড়ালিতে চোট পেয়েছিলেন যার ফলে বৈশ্বিক ইভেন্ট থেকে বাদ পড়েছেন। যদিও আশা করা হয়েছিল জেসন রয় বেয়ারস্টোর জায়গায় আসবেন, তবে নির্বাচকরা আস্থা রেখেছেন হেলসের প্রতি যিনি মে ২০১৯-এ শেষবার ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০১৯ বিশ্বকাপের প্রাক্কালে প্রাথমিকভাবে টুর্নামেন্টের জন্য নির্বাচিত হওয়া হেলস দল থেকে বহিষ্কৃত হন বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হওয়ায়। পরবর্তীকালে তাঁকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে রাখা হয় এবং তিনি বিভিন্ন টি-২০ লিগে তাৎপর্যপূর্ণ পারফর্ম্যান্স করে জাতীয় দলে ফেরার আশা জিইয়ে রাখছিলেন। তিন বছরেরও বেশী সময় ইংল্যান্ড তাঁকে দলের বাইরে রাখলেও, অবশেষে বড় টুর্নামেন্টের আগে সুযোগ দিয়েছে।

অ্যালেক্স হেলস সম্ভবত জস বাটলারের ওপেনিং সঙ্গী হবেন

বেয়ারস্টোকে টুর্নামেন্ট থেকে বাদ যাওয়ায় নির্বাচকদের হেলসকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল অস্ট্রেলিয়ার পিচে তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিং অর্ডারের শীর্ষে থাকা অধিনায়ক জস বাটলারের সঙ্গী হতে পারেন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০তে প্রথম ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে হেলস শতরান করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা ইংল্যান্ডের কাজে আসবে।

এখনও পর্যন্ত ৬০টি টি-টোয়েন্টিতে তিনি ১৬৪৪ রান করেছেন যার মধ্যে একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি হাফ সেঞ্চুরি রয়েছে। হেলস বারবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি প্রকাশ করেছিলেন যে টুর্নামেন্টের জন্য ঘোষিত প্রাথমিক দলে হেলস নিজেকে খুঁজে না পেয়ে তাঁকে ফোন করেছিলেন।

“আমি অ্যালেক্স হেলসের সাথে কথা বলেছিলাম। আসলে সেই আমাকে ফোন করেছিল, এবং সে জানতে চেয়েছিল যে কেন সে দলে নেই এবং আমি মনে করি তার কথার মূল্য আছে। যারা এভাবে ফোন করে বলে, ‘কেন আমি নেই?’ তাদের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। সে বরং অন্যদের মতো পর্দার আড়ালে গিয়ে কিছু বলেনি,” একটি বিবৃতিতে কি বলেছিলেন। হেলস সেই সময় হতাশ হলেও এখন তিনি আবার ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করতে বদ্ধপরিকর হবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-র জন্য ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাউইড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপ্লে, ডেভিড উইলে, ক্রিস ওকস ও মার্ক উড।

close whatsapp