ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কী চ্যালেঞ্জ হতে পারে, বললেন এইডেন মার্করাম
ডিন এলগারের সঙ্গে ওপেনিং পার্টনারশিপকে গুরুত্ব দিচ্ছেন তিনি
আপডেট করা - Dec 8, 2021 8:10 pm

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মার্করাম সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলে তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। ওপেনার মার্করাম ভারতের বিরুদ্ধে হোম সিরিজের চ্যালেঞ্জের মাত্রা সম্পর্কেও বলেছেন। জানালেন সংযুক্ত আরব আমিরাতের মাটি তাঁর জন্য ভাগ্যবান কারণ এখানেই তিনি অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সাত বছর পর, মার্করাম পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের প্রথম অভিজ্ঞতা পান।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা সর্ব-ফর্ম্যাট খেলোয়াড় মার্করাম ভারতের মতো একটি শক্তিশালী সফরকারী দলের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন নিঃসন্দেহে। ১৭ই ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে চলা তিন টেস্টের সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকায় ভারতের সর্ব-ফর্ম্যাট সফর শুরু হবে। সফরকারী দল ভারত এখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে ইদানীং বিদেশ সফরে ভারতের পারফর্ম্যান্স খুবই ভালো। বিশেষ করে অস্ট্রেলিয়ায় পরপর দুটি সিরিজ জিতে এবং ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর ভারতীয় দল প্রোটিয়াদের বিরুদ্ধেও সিরিজ জেতার লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাবে।
২৭ বছর বয়সী মার্করাম আইওএল স্পোর্টকে বলেছেন: “স্বাভাবিকভাবেই, আমরা ভারতকে হারাতে চাই। তাদের টেস্ট দল সারা বিশ্বে সেরা খেলা প্রদর্শন করছে। এটি আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে। একটি ইতিবাচক ফলাফল পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিরিজ নিয়ে আমাদের অনেক খাটতে হবে।”
বিরাট কোহলির নেতৃত্বে ভারত ২০১৮ সালে তাদের পূর্ববর্তী দক্ষিণ আফ্রিকা সফরের সময় একটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছিল, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ১-২ ব্যবধানে সিরিজ হারে।
গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে ওপেনিং পার্টনারশিপ, মনে করছেন এইডেন মার্করাম
মার্করাম বলেছেন যে ডিন এলগারের সাথে ইনিংসের শুরুতে তাঁর পার্টনারশিপ গুরুত্বপূর্ণ হবে এবং বড় স্কোর খাড়া করা ভারতের মতো “পাওয়ারহাউস”-এর বিরুদ্ধে খুব জরুরী।
“ব্যক্তিগতভাবে আমি মনে করি ডিন এলগারের সঙ্গে ওপেনিংয়ে আমাকে বড় পার্টনারশিপ করতে হবে। একটি ভালো দলের বিরুদ্ধে ইনিংসের শুরুটা ভালো হওয়া জরুরী। সেটা করতে পারলে পরে যারা ব্যাট করতে আসছে তাদের কাজটা সুবিধাজনক হয়ে যাবে। আমাদের সেটাই কাজ। ফোকাস অবশ্যই ভারতের বিরুদ্ধে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার দিকে থাকবে। যদিও এটা বলার অপেক্ষা রাখে না যে তারা একটি পাওয়ারহাউস প্রতিপক্ষ,” তিনি বলেছেন।
ভারত দক্ষিণ আফ্রিকায় তিনটি একদিনের আন্তর্জাতিক এবং চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলবে।