ফান ডার ডাসেনের টিপ্পনি, মেজাজ হারিয়ে আউট ঋষভ পন্থ
আপডেট করা - Jan 5, 2022 5:30 pm

মেজাজ হারিয়ে দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না ঋষভ পন্থ। সময় যত এগোচ্ছে। দুই দলের মধ্যে উত্তাপের মাত্রাটাও ক্রমশ চড়ছে। দ্বিতীয় দিন যদি লোকেশ রাহুল সকলের লাইমলাইটে থাকে। তবে তৃতীয় দিন সেই সেই উত্তাপের মাত্রাটা বাড়ালেন ঋষভ পন্থ। প্রোটিয়া ক্রিকেটার ফান ডার ডাসেনের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। মাঠেই চলে উত্তপ্ত বাক্য বিনিময়। মেজাজ হারান ঋষভ পন্থ। আর প্রতিপক্ষের পাতা সেই ফাঁদে পা দিয়েই ভারতকে চাপেও ফেলে দিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে এক রানও না করে সাজঘরে ফিরে গেলেন ঋষভ পন্থ।
ক্রিকেট মাঠে এই ঘটনা নতুন নয়। ভারত অস্ট্রেলিয়া হোক কী ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট মাঠে স্লেজিং, ক্রিকেটারদের মেজাজ হারানোর ঘটনাটা দেখাই যায়। আর বছরের শুরুতেও সেই ছবিটা বদলালো না। প্রতিপক্ষ ক্রিকেটারের টিপ্পুনি হজম করতে পারলেন না তরুণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। মাঠেই দিলেন উত্তর। আর তাতেই তৃতীয় দিনের শুরু থেকেই পরিস্থিতি বেশ উত্তপ্ত।
অজিঙ্ক রাহানে সাজঘরে ফেরার পরই মাঠে আসেন ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার ঋষভ পন্থ। চাপের মুহূর্তে তাঁর দিকেই তাকিয়ে ছিলেন সকলে। কারণ পুজারা-রাহানের হাত ধরে ততক্ষণে ভিতটা বেশ মজবুত করে ফেলেছিল ভারত। দরকার ছিল চাপ সামলে আরেকটা ভাল পারফরম্যান্স। আর সেখানেই প্রতিপক্ষের পাতা ফাঁদে পড়ে যান ঋষভ পন্থ। আর সেইসঙ্গে খানিকটা হলেও বিপদে ফেলে দেন ভারতকে।
কাগিসো রাবাডার বোলিংয়ের বিরুদ্ধে তখন ব্যাট করছিলেন ঋষভ পন্থ। সেই সময়ই সিলি পয়েন্টে দাঁড়িয়েছিলেন ফান ডার ডাসেন। ঋষভকে উদ্দেশ্য করে কিছু একটা টিপ্পনি কাটেন তিনি। আর তাতেই মেজাজ ধরে রাখতে পারেননি এই তরুণ তারকা ক্রিকেটার। সোজাসুজি ফান ডার ডাসেনকে মুখ বন্ধ রাখতে বলে দেন তিনি। দুই পক্ষের মধ্যেই বিনিময় হয় বেশ উত্তপ্ত বাক্যের। মনে করা হচ্ছে ঋষভকে বড় শট নেওয়ার জন্য তাতাচ্ছিলেন ডাসেন। আর সেখানেই মেজাজ ধরে রাখতে না পেরে, ভুল শট খেলে মাঠ ছাড়তে হয় ঋষভ পন্থকে।
এক রানও যোগ করতে পারেননি ভারতীয় দলের স্কোরবোর্ডে। আর এই ঘটনাতেই অবাক সকলে। একজন অভিজ্ঞ ক্রিকেটারের থেকে সেই পরিস্থিতিতে যখন বড় রানের দরকার, তখন কীভাবে ঋষভ পন্থ এত বড় ভুলটা করে ফেললেন। অতীতেও দেখা গিয়েছে প্রতিপক্ষ দলের এমন কৌশল। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা তা ভালভাবেই সামলেছেন।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বহুবার। ঋষভের এই ভুলের জন্য ভারতকে কোনও বড় মূল্য চোকাতে হবে না তো। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।