আহমেদাবাদ টেস্ট থেকে অধিনায়ক হিসেবে শিখবে রোহিত, আশাবাদী শাস্ত্রী
ব্যাটিং-সহায়ক পিচে ভারতীয় বোলাররা উইকেট নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হল
আপডেট করা - Mar 11, 2023 1:56 pm

প্রথম তিন টেস্টে বোলারদের আধিপত্যের পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর নেতৃত্বাধীন দল চতুর্থ টেস্টে উইকেট নেওয়ার জন্য রীতিমত হিমশিম খেয়েছে। উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির সৌজন্যে আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে চাপে রেখেছিল অস্ট্রেলিয়া।
ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন যে এই ধরণের পরিস্থিতি রোহিত শর্মার জন্য শিক্ষণীয় হবে। শাস্ত্রী বলেছেন যে রোহিতের নেতৃত্বে টেস্টগুলি সাধারণত দ্রুত সময়ের মধ্যে গুটিয়ে যাচ্ছে কিন্তু আহমেদাবাদের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো হওয়ায় ধৈর্য রাখতে হচ্ছে অধিনায়ককে। সেই কারণে এই ম্যাচটি ভারতীয় অধিনায়কের পরিণত হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন শাস্ত্রী।
“একজন অধিনায়ক হিসাবে, তার মেয়াদে সবকিছু দ্রুত এগিয়েছে। সে স্পিনিং ট্র্যাকে অধিনায়কত্ব করছে যেখানে তিন দিনে সবকিছু শেষ হয়ে যায়। সুতরাং, এখানে রোহিত শর্মার জন্য শেখার বড় জায়গা। যখন এমন একটি পিচে খেলা হয় যেখানে উইকেট আসা কঠিন, ব্যাটিং তুলনামূলক সহজ, সেখানে একজন অধিনায়ক হিসাবে তাকে চিন্তা বেশী করতে হবে এবং হাতে থাকা অস্ত্রকে ভালোভাবে ব্যবহার করতে হবে,” স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় শাস্ত্রী বলেছেন।
ভারতীয় অধিনায়ককের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন মিচেল জনসন
অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার মিচেল জনসন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বের সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে নতুন বল পাওয়ার পরে ভারতীয় পেসারদের ধারাবাহিকতার অভাব ছিল, কিন্তু তারপরেও ফাস্ট বোলারদের উপর অতিরিক্ত বিশ্বাস দেখাতে পারতেন তিনি।
“হ্যাঁ, দিনটি খুবই দীর্ঘ ছিল। ফাস্ট বোলারদের বয়সের কারণে তাদের কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু বলকে সুইং করানোর জন্য পেসারদের উপর ভরসা করতেই হবে,” জনসন বলেছেন।
অস্ট্রেলিয়া প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং উসমান খাওয়াজার ১৮০ ও ক্যামেরন গ্রিনের ১১৪ রানের ইনিংস তাদের ৪৮০ রানের বিশাল স্কোর খাড়া করতে সহায়তা করেছিল।