মহম্মদ নবির নেতৃত্বে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা আফগানিস্তানের
আপডেট করা - Aug 16, 2022 8:37 pm

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে মহম্মদ নবির কাঁধে দায়িত্ব দিয়েই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। প্রতিযোগিতার প্রথম দিনই ২৭ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে যাত্রা শুরু করবে আফগানিস্তান। মঙ্গলবারই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান শিবির।
এশিয়া কাপের দলে আফগানিস্তান শিবিরে রয়েছে বেশকয়েকটি চমকও। এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে না থাকলেও, এসিয়াকাপের জন্যই আফগানিস্তান শিবিরে ফেরানো হয়েছে সামিউল্লাহ শিনওয়ারিকে। সেইসঙ্গে দল থেকে বাদ পড়েছেন সারাফুদ্দিন। এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান শিবিরে রয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্সের কথা বিচার করেই সম্ভবত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এশিয়া কাপের দলে নুর আহমেদ ও মুজিব উর রহমনকেও ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আফগানিস্তানের সেরা স্পিনার রশিদ খান তো রয়েছেই।
এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রশিদ খান। গুজরাত টাইটান্সের হয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাই এখন বজায় রাখা প্রধান লক্ষ্য রশিদ খানের। এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলছেন এই তারকা স্পিনার। এসিয়া কাপেও প্রতিপক্ষ শিবিরকে বড়সড় ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তিনি। আগামী ২৭ অগস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ।
আফগানিস্তানের এশিয়া কাপের স্কোয়াড
মহম্মদ নবি (অধিনায়ক)
নাজিমুল্লা জারদান (সহ অধিনায়ক)
আসিফুল্লা জাজাই (উইকেটকিপার)
আজমাতুল্লা ওমরজাই
ফরিদ আহমেদ মালিক
ফয়জল হক ফারুকি
হশমাতুল্লাহ শাহিদি
হজরতউল্লা জাজাই
ইব্রাহিক জারদান
করিম জানাত
মুজিব উর রহমান
নাজিবুল্লাহ জারদান
নভিন উল হক
নুর আহমেদ
রহমন্নুলাহ গুরবাজ (উইকেটকিপার)
রশিদ খান
শামিউল্লাহ শিরওয়ানি
১৭ জনের স্কোয়াড ঘোষণার পাশাপাশি তিনজন রিজার্ভ ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। নিজাদ মাসুদ, কাইস আহমেদ এবং শারাফুদ্দিন আশরাফরা এই সিরিজে আফগানিস্তান ক্রিকেট দলের রিজার্ভ ক্রিকেটার হিসাবে থাকবেন। এবারের এশিয়া কাপে গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচেইউ ২৭ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে তারা।
এরপরই ৩০ অগস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আগানিস্তান। গ্রুপের প্রথম দুই দলই নক আউট পর্বের জন্য ছাড়পত্র পাবে। সেখানেই শেষপর্যন্ত এবার আফগানিস্তান পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।