ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অ্যারন ফিঞ্চ
ওডিআই বিশ্বকাপের এক বছর আগে অস্ট্রেলিয়াকে এখন নতুন অধিনায়ক সন্ধান করতে হবে
আপডেট করা - Sep 10, 2022 10:52 am

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাঁর ওডিআই কেরিয়ারে ইতি টেনেছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শেষবারের মতো এই ফর্ম্যাটে খেলোয়াড় হিসেবে উপস্থিত থাকবেন। ক্যাঙারুবাহিনী বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে এবং তৃতীয় ম্যাচের ফলাফল যাই হোক না কেন, চ্যাপেল-হ্যাডলি সিরিজ তারাই দখলে রাখবে।
উল্লেখ্য, ফিঞ্চ সাম্প্রতিক সময়ে তাঁর ভবিষ্যত সম্পর্কে একটি বড় খবরের ইঙ্গিত দিয়েছিলেন এবং তাঁর ধারাবাহিক খারাপ ফর্মের কথা মাথায় রেখে ধারণা করা হচ্ছিল যে তিনি অবসর নেওয়া কথা ঘোষণা করতে পারেন। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ১৪৫টি ওয়ানডেতে অংশ নেওয়া ফিঞ্চ তাঁর শেষ সাত ইনিংসে মাত্র ২৬ রান সংগ্রহ করেছিলেন। ফিঞ্চ কেরিয়ার শেষ করেছেন ৩৯.১৩ গড় ও ৮৭.৮৩ স্ট্রাইক রেটে ৫৪০১ রান করে।
আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এ অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন অ্যারন ফিঞ্চ
“আমি অত্যন্ত সৌভাগ্যবান দুর্দান্ত কিছু ওয়ানডে দলের অংশ হতে পেরে। এ ছাড়া আমি যাদের সঙ্গে খেলেছি এবং যারা নেপথ্যে ছিল তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন সময় এসেছে একজন নতুন নেতাকে পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার জন্য সম্ভাব্য সর্বোত্তম সুযোগ দেওয়ার। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই যাত্রায় সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন,” ফিঞ্চ আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও, নিক হকলি ফিঞ্চকে অভিনন্দন জানিয়েছেন একটি গৌরবময় কেরিয়ারের জন্য এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হলুদ জার্সির নেতৃত্বে ফিঞ্চকে দেখতে পাওয়ার বিষয়ে তাঁর খুশি প্রকাশ করেছেন। একটি বিবৃতিতে ফিঞ্চ আরও যোগ করেছেন যে তিনি অনবদ্য কিছু একদিনের দলের অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করেন।
“অস্ট্রেলীয় ক্রিকেটের পক্ষ থেকে, আমি ফিঞ্চকে অভিনন্দন জানাতে চাই অস্ট্রেলিয়ান পুরুষদের ওডিআই দলের অধিনায়ক হিসেবে বিশাল অবদানের জন্য এবং ৫০ ওভারের ফর্ম্যাটের একজন অসাধারণ খেলোয়াড় হওয়ার জন্য। অ্যারন একজন অত্যন্ত প্রতিভাধর এবং দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড় যার ব্যাট হাতে অসামান্য কীর্তিগুলি তার শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের সাথে মানানসই। ওডিআই অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি খেলার প্রতি তার নিঃস্বার্থ দৃষ্টিভঙ্গির লক্ষণ,” হকলি যোগ করেছেন।
“আমি আনন্দিত যে অ্যারন আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবে যেখানে তার নেতৃত্ব, অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা আমাদের দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জন্য অনিবার্য হবে,” হকলি শেষে বলেছেন।