প্রথম টেস্ট ড্র হবে, ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়ার
সেঞ্চুরিয়নে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা
আপডেট করা - Dec 26, 2021 11:37 am

তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার পাখির চোখ ইতিহাস তাড়া করার দিকে। ২৬শে ডিসেম্বর (রবিবার) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বক্সিং ডে টেস্ট দিয়ে সিরিজ শুরু হতে চলেছে। যেসব টেস্ট খেলিয়ে দেশগুলিতে ভারত টেস্ট সিরিজ খেলতে গেছে তার মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকা থেকেই ভারত কখনও টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি। বিরাট কোহলি ও তাঁর সতীর্থরা এবার সেই কলঙ্ক ঘোচাতে উদগ্রীব। এদিকে, পরিচিত ধারাভাষ্যকার আকাশ চোপড়া প্রথম টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা দেখছেন।
সেটা করতে হলে সেঞ্চুরিয়ান টেস্ট থেকেই সফরকারীদের নিজেদের সেরা ফর্মে থাকতে হবে। উল্লেখ্য, ম্যাচের আগের পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং বৃষ্টির ফলে ম্যাচে বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশের কারণে পুরো ম্যাচ জুড়েই পেসারদের দাপট থাকতে পারে। পেস-সহায়ক পরিস্থিতির কারণে উভয় দলের মধ্যে মাত্র একজন ওপেনার ৫০ রান টপকাতে পারবেন এবং বাকিরা অল্প রানে আউট হয়ে যাবেন, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন আকাশ চোপড়া।
“প্রথম যে জিনিসটা আমি অনুভব করি তা হল এই ম্যাচে শুধুমাত্র একজন ওপেনারই ৫০ রানের বেশি করবে, সর্বোচ্চ একজন ওপেনার। বাকি ওপেনাররা অল্প রানে আউট হয়ে যাবে,” চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন। তিনি আরও বলেছিলেন যে ফাস্ট বোলাররা এই পরিস্থিতিতে বোলিং উপভোগ করবেন।
কেন তিনি মনে করেন প্রথম টেস্ট ড্র হবে, সবিস্তারে জানালেন আকাশ চোপড়া
“দ্বিতীয় বিষয় হল ফাস্ট বোলাররা ২৫টির বেশি উইকেট নেবে। আমি মনে করি না এই ম্যাচে বা এই পিচে স্পিনাররা প্রাধান্য পাবে। এটা সম্ভব যে ৪০টি উইকেট নাও পড়তে পারে কিন্তু যদি পড়ে, তা হলে ফাস্ট বোলাররা ৩০টিরও বেশি উইকেট নিতে পারে,” চোপড়া যোগ করেছেন।
দক্ষিণ আফ্রিকার পিচগুলি বরাবরই পেসারদের অনুকূল হিসেবেই পরিচিত। তাই, লাইন আপে মাত্র এক স্পিনার নিয়েই উভয় দল ভারী পেস আক্রমণ নিয়ে মাঠে নামতে পারে। চোপড়ার মনে হয়েছে বেশ কিছু ব্যাটার উইকেটকিপারের হাতে বা স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হবেন।
“উইকেটের পিছনে দশটি ক্যাচ নেওয়া হবে, স্লিপে বা কট বিহাইন্ড। ম্যাচে সারাক্ষণ কিপার বা স্লিপের ফিল্ডাররা প্রাসঙ্গিক থাকবেন,” যোগ করেছেন ৪৩ বছর বয়সী। ম্যাচের উপর বৃষ্টির প্রভাব থাকবে, তা প্রত্যাশিত। তবে আকাশ চোপড়া মনে করেন যে বৃষ্টির প্রভাবে খেলাটি ড্র হবে।
“আমি মনে করি এই ম্যাচটি ড্র হবে। আমি ফলাফল আশা করছি না কারণ বৃষ্টির প্রচুর সম্ভাবনা রয়েছে, যদিও ম্যাচটি দ্রুত এগোবে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এবং পিচের ঘাস কিছুটা তাজা থাকবে। কিন্তু বৃষ্টির কারণে অনেক বাধা হতে পারে,” তিনি যোগ করেছেন।