ভারতের উদ্বেগের কারণ হতে পারে ব্যাটারদের ফর্ম, মত আকাশ চোপড়ার
প্রথম ম্যাচে সাত ব্যাটার ও চার বোলারে নামার পরামর্শ দিয়েছেন তিনি
আপডেট করা - Dec 25, 2021 12:58 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটারদের ফর্মের অভাবকে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ বলে মনে করেন আকাশ চোপড়া। টিম ইন্ডিয়ার বিশ্বস্ত মিডল অর্ডার ব্যাটাররা খেলার দীর্ঘতম ফর্ম্যাটে বিগত দুই বছর ধরে একেবারেই ছন্দে নেই। হ্যামস্ট্রিং চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া ইন-ফর্ম রোহিত শর্মাকেও পাবে না সফরকারী দল।
উদ্বেগের কারণ সবিস্তারে বলেছেন পরিচিত ধারাভাষ্যকার
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রিভিউ করার সময়, আকাশ চোপড়া ভারতীয় ব্যাটিং ইউনিট সম্পর্কে তাঁর আশঙ্কার কথা জানান। তিনি বলেছেন, “আমাদের কাছে গতবারের প্রধান দুই পারফর্মার আছে – শামি এবং বুমরাহ। এখন আপনার কাছে সিরাজ এবং বিরাটও আছে। কিন্তু আমি সামান্য সমস্যা দেখতে পাচ্ছি ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে ভারত এই মুহূর্তে সমস্যায় পড়ছে, এটাই আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়।”
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তাঁর উদ্বেগের কারণগুলি সম্পর্কেও বিস্তারিত বলেছেন। চোপড়া ব্যাখ্যা করেছেন, “আমাদের সাথে অক্ষর, জাডেজা এবং রোহিত নেই। তাই ব্যাটিংটা একটু দুর্বল লাগছে। রাহানের ফর্ম নেই, তাই সেখানে একটু সমস্যা আছে। চেতেশ্বর পূজারা খুব একটা ধারাবাহিক নন।”
বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার ত্রয়ী গত কয়েক বছর ধরে ফর্মের জন্য লড়াই করেছে। রাহানে এমনকি তাঁর সহ-অধিনায়কত্বও হারিয়েছেন, যার ফলে কেএল রাহুল রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্ট সিরিজের জন্য কোহলির সহকারী নিযুক্ত হয়েছেন।
আকাশ চোপড়াও চান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া তাদের ব্যাটিংয়ে আরও গভীরতা আনুক। তিনি যুক্তি দিয়েছেন, “আমি বলব ছয় ব্যাটার খেলুক এবং সাত নম্বরে পান্ত নামুক। সঙ্গে চার বোলার – এটাই যথেষ্ট। আপনি উইকেট নিতে চান কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটিং দুর্বল, তাই সম্ভবত এর জন্য পাঁচ বোলারের প্রয়োজন হবে না।”
স্বনামধন্য ধারাভাষ্যকার মনে করেন ব্যাটিং অর্ডারে ৭ নম্বর স্থানটি শার্দুল ঠাকুরের জন্য খুব বেশী উপরে হয়ে যাবে। চোপড়া বলেছেন, “একজন স্পিনার এবং তিনজন ফাস্ট বোলারের সাথে নামুক এবং দেখা যাক কী হয় কারণ আপনার অলরাউন্ডার নেই। জাড্ডু সেখানে নেই এবং শার্দুল চতুর্থ সিমার এবং ৭ নম্বর ব্যাটার হিসাবে – আমার মতে একটু বেশী উপরে।”
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সাধারণত সীম বোলারদের বেশী সহায়তা দেয়। টিম ইন্ডিয়ার পক্ষে এমন পরিস্থিতিতে অতিরিক্ত ব্যাটার নিয়ে নামা যুক্তিযুক্ত হতে পারে।