জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা লিড নেবে, মত আকাশ চোপড়ার

লিড নিলেও দিন শেষ হওয়ার আগেই অল আউট হবে দক্ষিণ আফ্রিকা, ভবিষ্যদ্বাণী তাঁর

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টে সফরকারীরা সম্পূর্ণ আধিপত্য বিস্তার থাকলেও দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে নিজেদের অবস্থান দেখে অস্বস্তিতে থাকবে তারা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং মাত্র ২০২ রানে অল আউট হয়ে যায়। টেস্টের দ্বিতীয় দিনে কী ঘটার সম্ভাবনা, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আকাশ চোপড়া। 

অস্থায়ী অধিনায়ক কেএল রাহুলের একটি দুর্দান্ত অর্ধশতক এবং রবিচন্দ্রন অশ্বিনের একটি দ্রুত ৪৬ রানের সৌজন্যে ভারত ২০০ টপকালেও এই রানকে কখনওই বড় পুঁজি মনে করা যায় না। প্রথম দিন শেষে স্বাগতিকদের ৩৫/১। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশ চোপড়ার মনে হচ্ছে এই মুহুর্তে খেলাটি ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, এবং তিনি দ্বিতীয় দিনের খেলা সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণী করেছেন। 

টেস্টের দ্বিতীয় দিনে শামি ও বুমরাহর থেকে মিলিতভাবে কম করে ৭ উইকেট আশা করছেন চোপড়া

তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন যে প্রোটিয়ারা ১৫-২০ রানের লিড পেতে সক্ষম হবে। তাঁর মতে মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ ভারতের হয়ে বেশিরভাগ উইকেট নেবেন। মহম্মদ সিরাজের চোট গুরুতর নয় বলেই আশা করছেন তিনি।  

“আমি মনে করি ভারত লিড খোয়াবে। রান এখনও বাকি, আপনি ২০২ রান করেছেন, প্রতিপক্ষ দল ৩৫ রানে একটি উইকেট হারিয়েছে, তবে আমি মনে করি দক্ষিণ আফ্রিকা স্বল্প লিড নেবে, এটি ১৫-২৫ রান হতে পারে,” আকাশ চোপড়া বলেছেন। 

“শামি ও বুমরাহ একসাথে সাত বা তার বেশি উইকেট নেবেন। এরই মধ্যে একটি নিয়েছেন শামি। এই ইনিংসে সাত বা তার বেশি উইকেট যেতে পারে এই দুই বোলারের নামে। সিরাজ চোট পেয়েছেন, আমি সত্যিই আশা করি তিনি গুরুতর আহত নন, কিন্তু তিনি মাঠ ছেড়েছিলেন এবং শার্দূল ঠাকুরকে ওভার শেষ করতে হয়েছিল,” তিনি যোগ করেছেন। 

৪৪ বছর বয়সী এও ভবিষ্যদ্বাণী করেছেন যে এলগারের নেতৃত্বাধীন দল অলআউট হওয়ার পর ম্যাচটি দ্রুত এগিয়ে যাবে। তিনি পিচের অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে তিনি প্রচুর উইকেট পতনের আশা রাখছেন। 

“আমার তৃতীয় ভবিষ্যদ্বাণী হল দক্ষিণ আফ্রিকা অলআউট হবে। এই পিচে গতি থাকায় ম্যাচ দ্রুত এগিয়ে যাবে। গতিসম্পন্ন পিচে স্কোরিং রেট ধীর হয় না, ম্যাচ এগিয়ে যেতে থাকে, উইকেট পড়তে থাকে এবং রানও হয়। এখানেও আমি এমনই কিছু আশা করছি,” তিনি বলেন। 

close whatsapp