টি-২০ ক্রিকেটে নিজের খেলা নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি
আপডেট করা - May 22, 2023 5:14 pm

টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির খেলার ধরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে টি-২০ ক্রিকেটে বিরাটের নিজের স্ট্রাইক রেট বাড়ানো উচিত। তবে বিরাট তাদের সাথে সহমত পোষণ করেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে ১৪টি ম্যাচ খেলে ৬৩৯ রান করেছেন বিরাট কোহলি। তিনি ৫২.২৫ গড় এবং ১৩৯.৮২ স্ট্রাইক রেটে এই রান করেছেন। এই মরসুমে তিনি দুটি শতরান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ১০১*।
আইপিএল ২০২৩-এর গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই মরসুমের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) কাছে ৬ উইকেটে হেরে যায় আরসিবি। বিরাট এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেন। কিন্তু শুভমন গিলের ঝোড়ো শতরানের উপর ভর করে এই মরসুমে দশম জয় পায় জিটি।
ইনিংস বিরতির সময় তার টি-২০ ফর্মের ব্যাপারে রবি শাস্ত্রীর করা প্রশ্নে বিরাট কোহলি বলেন, “অনেক লোক অনুভব করে যে টি-টোয়েন্টি ক্রিকেটে আমার খেলার ধরন পতনশীল, কিন্তু আমি মোটেও তা অনুভব করি না। আমার মনে হচ্ছে আমি আবার আমার সেরা টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। আমি নিজেকে উপভোগ করছি; এভাবেই আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। আমি গ্যাপে খেলার চেষ্টা করি, অনেকগুলি চার মারার দিকে দেখি এবং শেষে পরিস্থিতি যদি আমাকে অনুমতি দেয় তাহলে বড় শট খেলি।”
তিনি আরও বলেন, “স্ট্রাইক রেট, এই সমস্ত ধরণের জিনিস, যেমন আমি আগেও বলেছি… আপনাকে পরিস্থিতি পড়তে হবে এবং পরিস্থিতি যখন যা দাবি করে সেই বুঝে খেলতে হবে, এবং এটি এমন একটি জিনিস যেটি করায় আমি অনেক গর্ব করি, এবং আমি বেশ অনেকদিন ধরেই এটা করছি। এই মুহূর্তে আমার খেলা নিয়ে এবং যেভাবে ব্যাটিং করছি তা নিয়ে আমি সত্যিই ভালো অনুভব করছি।
প্লেঅফসের প্ৰথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স
২৩ শে মে, মঙ্গলবার, প্লেঅফসের প্ৰথম ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটান্স।
১৪ ম্যাচে ২০ পয়েন্টের সাথে এই মরসুমের পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে শেষ করেছে জিটি। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৭ পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে শেষ করেছে সিএসকে।