হার্দিক পান্ডিয়া ও দীনশ কার্তিকের থেকে সেরা পারফরম্যান্স নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

আইপিএল এখন অতীত, এবার ক্রিকেটের বাইশগজে মেন ইন ব্লুজের লড়াই। আগামী ৯ জুন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। আর সেই দলেই দীর্ঘদিন পর ফের সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগে এই দুই তারকার উপস্থিতি যে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে তা মানতে কোনও দ্বিধা নেই রাহুল দ্রাবিড়ের। দীনেশ কার্তিক এবং হার্দিকের দলে ফেরায় আপ্লুত ভারতীয় দলের প্রধান কোচ।

টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে ঘিরে নানান কথাবার্তা, সমালোচনা সবকিছুর থেকেই বেশ কয়েকদিন দূরে থাকতে চেয়েছিলেন হার্দিক। নিজেকে সম্পূর্ণ সুস্থ করেই ফের বাইশগজে ফিরতে চেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চেই সেই পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি তাঁর নেতৃত্বও নজর কেড়েছে রাহুল দ্রাবিড়ের। হার্দিকের নেতৃত্বের দক্ষতা যে ভারতীয় দলে কাজে লাগবে, সেই কথা এদিন শোনা গিয়েছে দ্রাবিড়ের মুখে।

২০১৯ সালের পর দীনেশ কার্তিককেও আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। কিন্তু ভারতীয় দলে ফেরার আশা সবসময়ই ছিল তাঁর মনে। সেই মতোই নিজেরে ক্রমাগত প্রস্তুতও করে গিয়েছেন দীনেশ কার্তিক। এবারের আইপিএলে দীনেশ কার্তিকের পারফর্ম্যান্স দেখার পরই তাঁকে ভারতীয় দলে সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুর হয়ে প্রতি ম্যাচেই ফিনিশারের ভূমিকায় দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীনেশ কার্তিক।

এই দুই তারকা ভারতীয় দলে আসায় যে দ্রাবিড় যথেষ্ট খুশি, তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাহুল দ্রাবিড়। সেখানেই দুি তারকার দলে প্রত্যাবর্তন নিয়ে স্বস্তির সুর দ্রাবিড়ের গলায়। দীনেশ কার্তিক দলে আসায় যে ফিনিশার নিয়ে সমস্যা খানিকটা হলেও কমেছে, তা দ্রাবিড়ের কথাতেই স্পষ্ট।

ফিনিশার দীনেশ কার্তিককে নিয়ে আশার সুর রাহুল দ্রাবিড়ের গলায়

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “দীনেশ দলে এসেছেন এবং তাঁর ভূমিকা কী হবে তাও যথেষ্ট স্পষ্ট। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁর পারফরম্যান্স সমস্তকিছুর থেকে একটা পার্থক্য গড়ে দিতে পারে। সেই জন্যাই তাঁকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় দলের হয়েও এমন পরিস্থিতিতে সেই ভূমিকাই পালন করবেন তিনি”।

প্রায় ছয় মাস পর হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে ফিরেছেন। আইপিএলে ব্যাট এবং বল হাতে যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই নেতা হিসাবেও সকলের মন জিতে নিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই অভিষ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। হার্দিককে ফের ভারতীয় দলে পেয়ে খুশি কোচ রাহুল দ্রাবিড়।

এই প্রসঙ্গে দ্রাবিড় জানিয়েছেন, “হার্দিককে ফের ভারতীয় দলে দেখতে পেয়ে খুশি। গোটা  আইপিএল মরসুমে তাঁর নেতৃত্ব সকলকে মুগ্ধ করেছে। দলের সঙ্গে এমনই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটারদের সবসময়ই রাখতে চাইবে সকলে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই তাঁর থেকে সেরা পারফরম্যান্সটা পেতে চাই আমরা”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি জিততে পারলেই বিশ্ব রেকর্ড গড়বে ভারতীয় দল। যদিও রাহু দ্রাবিড় এখন সেসব নিয়ে মাথা ঘামাতে চাননা। নিজেদের প্রস্তুতি এবং ভাল খেলার দিকেই বিশেষ নজর দিতে চান তিনি।

close whatsapp