টি-২০ সিরিজে রাবাডা ভারতকে বিপদে ফেলতে পারে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার

সদ্য সমাপ্ত আইপিএলে রাবাডা ২৩ উইকেট নিয়েছিলেন

Kagiso Rabada

ইরফান পাঠান মনে করেন যে দক্ষিণ আফ্রিকা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে কাগিসো রাবাডাকে সেভাবে ব্যবহার করতে পারে যেভাবে মেন ইন ব্লু জসপ্রিত বুমরাহকে ব্যবহার করে। ভারতীয় দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের মুখোমুখি হবে। ৯ই জুন দিল্লিতে প্রথম ম্যাচ হবে। রাবাডা দক্ষিণ আফ্রিকান স্কোয়াডের এমন অনেক খেলোয়াড়দের একজন যাঁরা সদ্য সমাপ্ত আইপিএল ২০২২-এ খেলেছেন। 

স্টার স্পোর্টস শো ‘গেম প্ল্যান’-এ একটি আলোচনা চলাকালীন, পাঠানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাবাডা ভারতীয় পরিবেশে তাঁর অভিজ্ঞতার কারণে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের নেতা হবেন কিনা। তিনি উত্তর দেন, “অবশ্যই, এই নিয়ে দ্বিতীয় কোনো মতামত নেই। তার আইপিএল খুব ভালো গেছে, সে ফর্মেও আছে। সে ফর্মটা একটু হারিয়েছিল, সেটা আবার ফিরে পেয়েছে। সে একজন অত্যন্ত  উচ্চ মানের বোলার। সে পাওয়ারপ্লেতে ওভার করে দেবে, ডেথের সময় ইয়র্কার করবে। বুমরাহকে যেমন ভারতীয় দল ব্যবহার করে, তাকে সেভাবে ব্যবহার করতে পারে।”

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন প্রোটিয়া স্পিডস্টার স্বাগতিকদের ব্যাটিং লাইনআপের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ খাড়া করবেন। পাঠান যুক্তি দিয়েছেন, “তার গতি আছে এবং পিচ-আপ ডেলিভারিগুলি যেগুলি সে করে তা অত্যন্ত দ্রুত এবং আপনি যদি ফুল ডেলিভারি দ্রুত বল করেন তবে আপনি ভারতীয় পিচে প্রচুর উইকেট পাবেন। তাই, সে একটি খুব বড় চ্যালেঞ্জ।”

রবি শাস্ত্রী যদিও রাবাডাকে ভারতীয় ব্যাটারদের জন্য খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না

রাবাডা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি খেলেছেন তাতে চার উইকেট শিকার করেছেন। এই সমস্ত খেলা ভারতের মাটিতে খেলা হয়েছিল, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩/৩৯ তাঁর সেরা পরিসংখ্যান ছিল।

রবি শাস্ত্রীকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে রাবাডা টিম ইন্ডিয়ার জন্য কতটা বড় সমস্যা হবেন। তিনি উত্তর দিলেন, “২-৩ বছর আগে যতটা মনে করা হত, ততটা হবে না কারণ সবাই তাকে দেখেছে। এমনকি আইপিএল ক্রিকেটেও তারা তাকে অনেক দেখেছে। দেখতে আকর্ষণীয় হবে যে সে কতটা সতেজ থাকে। ক্লান্ত থাকলে ভারতীয় ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে প্রভাব ফেলবে না।”

রাবাডা তাঁর সেরাটা দেবেন বলে মেনে নিয়েও, টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ মনে করেন যে তিনি ভারতীয় ব্যাটারদের খুব একটা বিচলিত করবেন না। শাস্ত্রী পর্যবেক্ষণ করেছেন, “তবে তার অভিজ্ঞতা আছে। তবে সে খুব বড় সমস্যা খাড়া করবে না।”

close whatsapp