রোহিত, বিরাটরা না থাকলেও ভারতকে হাল্কা ভাবে নিচ্ছেন না বাভুমা, কুলচা জুটিকে নিয়ে সাবধানী তারা
আপডেট করা - Jun 4, 2022 8:04 pm

হাতে আর মাত্র কয়েকদিন, এরপরই দিল্লিতে ভারতের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজেই দলের বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারদের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন োবর্ড কর্তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহদের ছাড়াই খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও এই ভারতীয় দলকে একেবারেই দুর্বল ভাবতে নারাজ প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
টানা ম্যাচ খেলে চলেছে ভারতীয় দল। সেইসঙ্গে বায়ো বাবলের কড়াকড়ি। সেই সমস্ত কিচু ভেবেই দলের তারকা ক্রিকেটারদের এবার বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছেন বেশকিছু তরুণ ক্রিকেটার। আর সেই থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছে। শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকা নাকি ভারতীয় বি দলের বিরুদ্ধে খেলতে নামবে। কিন্তু টেম্বা বাভুমা সেই কথায় একেবারেই কান দিতে নারাজ।
বরং এই ভারতীয় দলেক কোনও মতেই হাল্কা ভাবে নিচ্ছেন না তিনি। তাঁর মতে ভারতীয় দলে বেশকিছু তরুণ প্রতিভা রয়েছে। এছাড়া কয়েকজন ক্রিকেটার না থাকাটা যে এই ম্যাচ খুব একটা প্রভাব ফেলবে না তাও মেনে নিতে দ্বিধা নেই প্রোটিয়া অধিনায়কের। তাঁর মতে এই সিরিজেও দুই শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার চেহারা আগের মতোই থাকবে। বরং ভারতীয় দলে ফের কুলচা জুটিই খানিকটা চিন্তায় রাখছে তাঁকে।
লোকেশ রাহুলের নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল
এই প্রসঙ্গে টেম্বা বাভুমা জানিয়েছেন, “অবশ্যই এটা সম্পূর্ণ নতুন একটা ভারতীয় দল। আইপিএলে যে সমস্ত ক্রিকেটাররা দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই সিরিজে তারাই সুযোগ পেয়েছেন। দল হিসাবে আমরা কোনওরকম ভিন্নতাই খুঁজে পাচ্ছি না। কখনোই এই দলকে ভারতীয় বি দল হিসাবে আমরা দেখছি না। ভারতের বিরুদ্ধে আগেও টি টোয়েন্টি খেলেছি। সেই এক মানসিকতা নিয়েই সিরিজে নামছি”।
এবারের ভারতীয় দলে ইমরান মালিক, অর্শদীপ সিংরা সুযোগ পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে এসেছেন কুলদীপ যাদবও যুজবেন্দ্র চাহাল। এছাড়া ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স রয়েছে তাঁরও। ৯ জুন প্রথম ম্যাচ জিতলেই আবা রেকর্ডও গড়বে টিম ইন্ডিয়া।
দীর্ঘদিন পর ভারতীয় শিবিরে ফের একসঙ্গে কুলচা জুটি
দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে কুলচা জুটিকে। আর সেটা যে দক্ষিণ আফ্রিকার কাছে বেশ চ্যালেঞ্জের তা মানতে কোনও দ্বিধা নেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। এই প্রসঙ্গে বাভুমা জানিয়েছেন, “এটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। যদিও তাদের বিরুদ্ধে বহু ম্যাচে খেলেছি আমরা। এছাড়া আশা করি ভারতের এই পরিবেশে আমাদের খেলতে খুব একটা অসুবিধা হবে না”।