পাঁচ মাসের বিরতির পর মাঠে ফিরে বিশ্বকাপে ভালো পারফর্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী প্যাট কামিন্স
জানালেন বিরতির পর ঝরঝরে অনুভব করছেন
আপডেট করা - Oct 21, 2021 8:20 pm

আসন্ন ২০২১ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে চমকপ্রদ পারফরম্যান্স করতে বদ্ধপরিকর তারকা পেসার প্যাট কামিন্স। নিজের ফর্ম নিয়ে কথা বলার পাশাপাশি তিনি এও বলেছেন যে এই ইভেন্টের ভালো করার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী অনুভব করছেন। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার শেষ দুটি টোয়েন্টি-২০ সিরিজে কামিন্স দলের অংশ ছিলেন না। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত আইপিএলের দ্বিতীয় ভাগেও অনুপস্থিত ছিলেন কামিন্স। যদিও ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে বল হাতে দেখা গিয়েছে। নিজের নির্ধারিত চার ওভারে মোট ৩৩ রান দিয়ে তিনি একটিও উইকেট পাননি। তাঁর ফর্ম ও ছন্দ নিয়ে তাই খানিকটা হলেও চিন্তায় থাকবে অস্ট্রেলিয়া।
এখন আমি অনেক ঝরঝরে অনুভব করছি
কামিন্স মনে করছেন ক্রিকেট থেকে পাঁচ মাসের বিরতি তাঁকে সাহায্য করেছে। ২৮ বছর বয়সী পেসার আগামী বিশ্বকাপ ও অ্যাশেজের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত হিসেবেই দেখছেন।
‘পার্থ নাও’কে তিনি তাঁর বিরতি নেওয়ার প্রসঙ্গে বলেন, “পাঁচ মাসের নিশ্ছিদ্র বিরতি পাওয়া খুবই সৌভাগ্যজনক। এখন আমি অনেক ঝরঝরে অনুভব করছি। এখানে আসার জন্য আমার তর সইছিল না এবং এটার পরেই অ্যাশেজে খেলার জন্য মুখিয়ে আছি। বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ পাব না জানতাম। এই মুহূর্তে খুবই ভালো মানসিক অবস্থানে আছি। প্রস্তুতি ম্যাচে নেমে মনে হল ম্যাচ খেলার জন্য আমি তৈরী।”
সাম্প্রতিক টি-২০ সিরিজগুলিতে অস্ট্রেলিয়ার দুর্বিষহ পারফরম্যান্স ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দেশের বিরুদ্ধেই তাদের পরাজয় স্বীকার করতে হয়েছে। যদিও কামিন্স মনে করেন এখন তাঁদের যেসব ক্রিকেটাররা আছেন তাঁরা টূর্নামেন্টে ভালো কিছু করে নিজেদের ছাপ ফেলবেন।
কামিন্স আরো বলেন, “বিগত কয়েকটি ম্যাচে আমরা প্রত্যাশিত ফল পাইনি। তবে বাইরের লোকে যে ধরনের কথা বলছে আমরা নিজেদের মধ্যে সেই নিয়ে কথা বলিনি। বিশ্বের বেশ কিছু সেরা ক্রিকেটার আমাদের দলে আছে, তারা প্রত্যেকেই প্রস্তুত এবং তারা প্রত্যকেই নিজেদের মেলে ধরতে তৈরী। আমরা একসাথে অনেক ক্রিকেট খেলেছি এবং দলের পরিবেশ এই মুহূর্তে খুবই খোলামেলা। আমরা খুবই আত্মবিশ্বাসী এবং টূর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় দিন গুণছি।”
আবু ধাবিতে ২৩শে অক্টোবর, শনিবার, অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা ৩ উইকেটে জিতেছিল।