টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ কোন নির্দিষ্ট একটি দেশকে ট্রফি জয়ের দাবিদার মনে করেন না ইয়ান বিশপ

ওয়েস্ট ইন্ডিজ দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও এখনই তাদের হিসাবের বাইরে রাখছেন না তিনি

Ian Bishop
Ian Bishop. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জেতার দাবিদার কোন একটি নির্দিষ্ট দেশ নয়, এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ। তিনি এও জানিয়েছেন যে এই বছর যে কারো হাতেই ট্রফি উঠতে পারে। ওয়ার্ম-আপ গেমগুলিতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং কে কোন ম্যাচ জিততে পারে তা আগাম আন্দাজ করা যায়নি। আফগানিস্তানের মতো তুলনামূলক নতুন দলও দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছে। ফলে টুর্নামেন্টটি যা আকর্ষণীয় হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়।

ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যক্তিগত পারফরম্যান্সের জোরে শ্রীলঙ্কা ইতিমধ্যেই টি -টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের একটি ম্যাচ জিতেছে এবং একটি হেরেছে। আজ জিতে গেলে তারাও মূলপর্বে পৌঁছে যাবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের দুটি প্রস্তুতি ম্যাচই জিতেছে এবং এই মুহূর্তে ভালো ফর্মে আছে।

ইয়ান বিশপের প্রতিটি দলের পারফরম্যান্সের মূল্যায়ন  

ইয়ান বিশপ উল্লেখ করেছেন যে শিরোপা জেতার জন্য ফেভারিট ট্যাগ এই সংস্করণে কাজে আসবে না কারণ ট্রফি জেতার জন্য বেশ কয়েকটি দল দাবিদার। তিনি উল্লেখ করেছেন যে ইংল্যান্ডের প্রচুর আক্রমণাত্মক ব্যাটার রয়েছে এবং ভারতের স্কোয়াড তারকাদের দ্বারা পূর্ণ। বোলিং বিভাগে তিনি নিউজিল্যান্ড এবং পাকিস্তান দলকে বেশ শক্তিশালী মনে করছেন। 

বেটওয়েকে ইয়ান বিশপ বলেছেন, “বাস্তববাদী হতে হলে বলতেই হয় এবার অনেক দাবিদার আছে। ইংল্যান্ডে এমন অনেকে আছে যারা ব্যাট হাতে আক্রমণাত্মক। ভারতের গোটা একাদশ তারকায় ভর্তি। শক্তিশালী বোলিং আক্রমণের নিউজিল্যান্ড ব্যাট হাতেও অনেক বেশি বাউন্ডারি মারা শুরু করেছে। পাকিস্তান বল হাতে বিপজ্জনক।” 

ইয়ান বিশপ মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞতা কাজে আসবে 

ইয়ান বিশপ মনে করছেন যে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অত্যন্ত অভিজ্ঞ এবং তাঁর আশা টুর্নামেন্টের সঠিক সময়ে তারা নিজেদের সেরা খেলাটা খেলতে শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত তাদের উভয় প্রস্তুতি ম্যাচে পরাজিত হয়েছে এবং সেরা ফর্মের ধারেকাছেও ছিল না। ওয়েস্ট ইন্ডিজ আইসিসি টি -টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের সবচেয়ে সফল দল।

ওয়েস্ট ইন্ডিজ প্রসঙ্গে বিশপ বলেন, “ওয়েস্ট ইন্ডিজের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তাই ওয়েস্ট ইন্ডিজের ভালো করার ব্যাপারে আমি আশা ছাড়ছি না।”

২৩শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ।

close whatsapp