ফিটনেস এবং গতি বজায় রাখলে উমরানের বহুদূর পর্যন্ত যাওয়ার ব্যপারে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - May 25, 2022 7:39 pm

আইপিএলে দুর্ধর্ষ বোলিং করে এবার সকলের মন জিতে নিয়েছেন উমরান মালিক। নিজের বোলিং পারফরম্যান্স দেখিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দলে নিজের জায়গাও পাকা করে ফেলেছেন তিনি। আর সেই উমরান মালিককে নিয়েই এবার আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলে চাক পওয়ার পরই উমরান মালিককে নিয়ে বিরাট কথা বলতে শোনা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। উমরান মালিক তাঁর ফিটনেস এবং পেস ধরে রাখতে পারলে বহু দূর পর্যন্ত যাবেন বলেই মনে করেন সৌরভ।
গতবারের আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। তাঁর বলের গতির ঝলকটা সেই সময়ই পাওয়া গিয়েছিল। যে কারণে এবারের আইপিএলের আগে উমরান মালিককে রেখেই দল গঠনের পরিকল্পনা নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই সিদ্ধান্ত যে তাঁর একেবারে ভুল ছিল না তা বেশ স্পষ্ট। এবারের আইপিএলে শুরু থেকেই উমরান মালিকের বলের গতি সকলকে চমকে দিয়েছিল।
আইপিএলের মাঝেই উমরান মালিকের প্রশংসা শোনা যেতে শুরু করেছিল বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের মুখে। রবি শাস্ত্রী থেকে ওয়াসিম জাফর, সুনীল গাভাসকরা তাঁকে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন। যদিও শেষপর্যন্ত তাদের পরিপ্রেক্ষিতে যথাযথ উত্তরও পেয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই উমরান মালিককে সুযোগ দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে এই সিরিজে ভারতের জর্সিতে অভিষেকও হতে পারে এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সবচেয়ে দ্রুতগতির বোলার।
চলতি আইপিএলে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ড রয়েছে উমরান মালিকের
আর এই প্রসঙ্গেই উমরানকে নি্য়ে খানিকটা উপদেশই দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, “উমরানের ভবিষ্যত তাঁর নিজের হাতেই রয়েছে। যদি তিনি এমনই ফিট থাকেন এবং এই গতিই ধরে রাখতে পারেন, তবে বিশ্ব ক্রিকেটে উমরপান মালিক অনেক দূর পর্যন্তই যাবেন”।
আইপিএলের মঞ্চে এবার ১৫৭ কিমি বেগে বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন উমরান মালিক। গতির পাশাপাশি তাঁর লাইন লেন্থ নিয়েও প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে। চলতি আইপিএলে হায়দরাবাদ ছিটকে গেলেও উমরানের ঝুলিতে রয়েছে ২১টি উইকেট। শুধু তাই নয় গুজরাতের বিরুদ্ধে তিনি একাই পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিল তাদের ব্যাটিং লাইনআপ।
শুধুমাত্র উমরান মালিকই নয়। এবারের আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজর কেড়েছেন আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তিলক বর্মা, অর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি এহং রাহুল তেওয়াটিয়ারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের তালিকায় ঢুকে পড়েছেন। এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, “অনেকেই এই আইপিএলের দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তিলক বর্মা যেমন ফর্ম প্রদর্শন করেছেন, তেমনই রাহুল তেওয়াটিয়া ও রাহুল ত্রিপঠিও ভাল খেলেছেন। এছাড়া এবারের আইপিএলে বেশকিছু উঠতি বোলাররাও নজর কেড়েছেন। যাদের মধ্যে রয়েছেন মহসিন খান, উমরান মালিক, অর্শদীপ সিংয়ের মতো বোলাররা”।
আইপিএলের মঞ্চ সবসময়ই নতুন তারকার জন্ম দেয়। এবারও যে তার অন্যথা নয়, তা বেশ স্পষ্ট। এখন শুধুই তরুণ ক্রিকেটারদের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা।