নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি, জীবনের এই পর্বটাই নাকি তাঁর অন্যতম আনন্দের
আপডেট করা - May 19, 2022 6:54 pm

দেশের জার্সির পর আইপিএলের মঞ্চ। বিরাট কোহলির খারাপ সময়টা যেন কিছুতেই কাটছে না। আইপিএলের একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান পেয়েছেন তিনি। যা দেখে সহলেই হতভম্ব হয়ে গিয়েছে। বিরাট কোহলি কী ভাবছেন এই সময়। এমন প্রশ্ন তো উঠবেই। বিরাট কোহলি কিন্তু এই পরিস্থিতি নিয়ে একেবারেই খুব একটা চিন্তিত নন। বরং তিনি তো বলছেন এই সময়টাই নাকি তাঁর জীবলের অন্যতম খুশির একটা অধ্যায়।
এবারের আইপিএলে বিরাট কোহলির ব্যাট থেকে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যর্থতা। যা কখনও হয়নি সেটাই এবার হয়েছে। আইপিএলের মঞ্চে তিনবার শূন্য রানে ফিরে যেতে হয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। যে কোহলির ব্যাট থেকে একসময় রানের ফোয়ারা দেখা যেত, সেই কোহলির ব্যাটে দেখা নেই কোনও বড় রানের। বিরাট কোহলিকে নিয়ে ইতিমধ্যেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
যদিও বিরাট কোহলি কিন্তু এসব নিয়ে একেবারেই ভাবতে নারাজ। বরং তিনি তো বলছেন এই পর্যায়টাই নাকি তাঁরকাছে অন্যতম খুশির একটা সময় কিন্তু বিরাট হঠাত্ করে কেন এমন বলছেন। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিরাট কোহলি জানিয়েছেন, “আসলে এই পর্বটা আমার জীবনের অন্যতম একটা খুশির পর্ব। মাঠে আমি কি করছি তা প্রসঙ্গে নিজেকে নিয়ে কোনওরকম বিশেষ মূল্যবিচার করছি না। সেই পর্বটা আমি পেরিয়ে এসেছি। এটা আমার কাছে একটা বিবর্তনের পর্ব। কখনোই বলছি না যে আমার সেই জেদটা নেই, আমার জেদ কখনোই শেষ হবে না, যেদিন সেটা চলে যাবে, এই খেলাটা আর খেলব না”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত বিরাট কোহলির রান ১৩ ম্যাচে ২৩৬
এই মুহূর্তে আইপিএলে ১৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে বিরাট কোহলির। সেখনে মাত্র ২৩৬ রান করতে পেরেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা। এমন রান কখনোই বোধহয় তাঁর থেকে কেউ প্রত্যাশা করেননি। বিরাট কোহলির মতো ক্রিকেটারের গড় রয়েছে এবার মাত্র ১৯.৬৭। স্ট্রাইকরেট ১১৩.৪৬। ১৩টি ম্যাচের মধ্যে ছটি ম্যাচে বিরাট কোহলি দু অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বিরাট কোহলির এমন পরিস্থিতি দেখে অনেক বিশেষজ্ঞই নানান মতামত দেওয়া শুরু করেছেন।
রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর এবং মহম্মদ আজহারউদ্দিনের মতো প্রাক্তন তারকারা তাঁকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ারইঅ পরামর্শ দিয়েছেন। কিন্তু বিরাট কোহলি কী সেই পথে হাঁটবেন। সেতো সময়ই বলবে। এই মুহূর্তে বিরাট কোহলি যে নিজের ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন তা বেশ স্পষ্ট। তবে হ্য একটা বিষয় নিয়ে খানিকটা হলেও যেন খারাপ লাগা রয়েছে বিরাট কোহলি।
তিনি জানিয়েছেন, “আমাকে নিয়ে নয়। আসল ঘটনাটা হল আমি আমার দলকে সেভাবে সাহায্য করতে পারছি না। যেটা করতে চাইছি আমি, সেই কাজটা করতে পারাটাই আমার কাছে সবচেয়ে বেশী গর্বের। এই একটা জিনিসই আমাকে খানিকটা হতাশ করে, আমার ব্যক্তিগত পারফরম্যান্স না করতে পারাটা নয়। কারণ আমি আমার দলকে কখনোই ব্যর্থ হতে দিতে পারিনা”।
আইপিএলে আর কিছুক্ষণ পরই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগেই বিরাট কোহলি নিজের ফর্ম নিয়ে অবশেষে মুখ খুললেন।