ক্যাপিটালসের এই খেলোয়াড়কে রাসেলের ধাঁচে ব্যাটিং করার পরামর্শ রবি শাস্ত্রীর
বেশ কিছু ম্যাচে ভালো শুরু করেও দলকে জেতাতে পারেননি সেই খেলোয়াড়
আপডেট করা - May 10, 2022 7:54 pm

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ঋষভ পান্তকে অবশ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে “আন্দ্রে রাসেল মোডে” ব্যাট করতে হবে এবং একবার ছন্দ পেয়ে গেলে তাঁর গতি পরিবর্তন করা উচিত হবে না। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় পান্ত এই পন্থা অবলম্বন করলে অনেক ম্যাচ জেতাতে পারবেন বলে মনে করেন শাস্ত্রী। বিস্ফোরক ব্যাটার ১১ ম্যাচে ২৮১ রান সংগ্রহ করেছেন ১৫২.৭১ স্ট্রাইক রেটে। যদিও তাঁর খুব কম ইনিংসই ম্যাচ-জয়ী হয়ে উঠতে পেরেছে এই মরসুমে।
২৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার আইপিএলে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন না। তিনি তাঁর ধ্বংসাত্মক শক্তির আভাস দেখিয়েছেন কিন্তু দলের মিডল অর্ডারে তেমন প্রভাব দেখাতে পারেননি যা তিনি অতীতে বহুবার করেছেন।
ইএসপিএনক্রিকইনফো’র ‘টি-টোয়েন্টি টাইম আউট’-এ শাস্ত্রী বলেছেন, “আমি মনে করি যে একবার সে গতি পেয়ে গেলে তার পরিবর্তন করা উচিত নয়, খেলার এই ফর্ম্যাটে তার রাসেল মোডে থাকা উচিত।”
মনে করি না তার গতি পরিবর্তন করা উচিত – পান্ত সম্পর্কে শাস্ত্রীর বিশ্লেষণ
“একবার চোখ সয়ে গেলে এবং ব্যাটে বলা লাগা শুরু হলে খুব বেশি চিন্তা করার দরকার নেই। বোলার যেই হোক না কেন, যদি মারতে হয়, তাহলে মারো। কে জানে, হয়তো প্রত্যাশার চেয়ে বেশি ম্যাচ জিতিয়ে দেবে,” শাস্ত্রী বলেছেন। তিনি মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটার রাসেল বাকিদের চেয়ে আলাদা তাঁর মানসিকতার স্বচ্ছতার জন্য, এবং পান্তকেও এই মানসিকতা সাহায্য করবে।
“রাসেল তার মানসিকতায় খুব, খুব স্পষ্ট। সে যখন মেজাজে থাকে তখন এটি ব্যাং-ব্যাং-ব্যাং। তাকে থামানোর কোনো উপায় নেই, এমন কোনো নেতিবাচক চিন্তাও নেই যা তার সিস্টেমের মধ্যে দিয়ে উঁকি দেবে। ঋষভ সেই ধাঁচে খেলতে সম্পূর্ণরূপে সক্ষম, এবং আমি আশা করি সে সেভাবে চিন্তা করবে এবং আপনি তার কাছ থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু বিশেষ ইনিংস দেখতে পাবেন। সে ভালো শুরু পেয়েও আউট হয়ে যাচ্ছে। আমি মনে করি না তার গতি পরিবর্তন করা উচিত,” যোগ করেছেন শাস্ত্রী।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি মনে করেন যখন পান্ত বেপরোয়া মেজাজে থাকেন তখনই তাঁর সেরাটা বেরিয়ে আসে। ভেট্টোরি বলেন, “ঋষভ পান্ত যখন বেপরোয়া হয়ে ওঠে তখন তার সেরা অবস্থায় থাকে, এবং আমরা তাকে কিছু ব্যতিক্রমী ইনিংস খেলতে দেখেছি যখন সে বারবার দলকে পতন থেকে উদ্ধার করে,” ভেট্টোরি বলেন।