আইপিএল ২০২২: বেতন বৃদ্ধির হারে সবার আগে হর্ষল, অন্যদিকে আরেক ভারতীয়র বেতন ঘাটতি ৯০ শতাংশেরও বেশী
হর্ষলের বেতন বেড়েছে ৫২৭৫ শতাংশ
আপডেট করা - Feb 14, 2022 1:13 pm

ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে দুই দিনের তীব্র বিডিং যুদ্ধের পর অবশেষে আইপিএল ২০২২ মেগা নিলাম শেষ হয়েছে এবং এটি বলতেই হবে যে এই বছরের নিলামের মতো ঘটনাবহুল নিলাম টুর্নামেন্টের ইতিহাসে আগে দেখা যায়নি। দুটি নতুন দলের অন্তর্ভুক্তি নিলামের সমীকরণে আরও কিছু মশলা যোগ করেছিল এবং ভারতীয় খেলোয়াড়দের চাহিদা অনেক গুণ বেড়েছে। যদিও অনেকেই অবাক হয়েছেন বেশ কিছু তারকাকে অবিক্রিত থাকতে দেখে।
আইপিএল ২০২২-এ সর্বোচ্চ বেতন কাটতির পরিপ্রেক্ষিতে, কৃষ্ণাপ্পা গৌতম প্রথম অবস্থানে রয়েছেন কারণ চেন্নাই সুপার কিংস আগের মরসুমে তাঁকে ৯.২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল এবং এই বছরের মেগা নিলামে শতকরা ৯০.২৮ হারে তাঁর মূল্য কমে তাঁকে মাত্র ৯০ লাখে কেনে লখনউ। পরের অবস্থানে রয়েছেন কর্ণ শর্মা। তাঁকে আগের মরসুমে সিএসকে ৫ কোটি টাকা দিয়েছিল, এবার তাঁর বেতন ৯০ শতাংশ কমে হয়েছে ৫০ লাখ।
বেতন বৃদ্ধির হারে সবার আগে হর্ষল প্যাটেল
প্রিয়ম গর্গকে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ লাখে কিনেছে, যেখানে আগের সংস্করণে তাঁকে ১.৯ কোটি টাকা দিয়েছিল সানরাইজার্স । ইংল্যান্ডের টাইমাল মিলসকে ২০১৭ সালে আরসিবি নিয়েছিল ১২ কোটিতে, এইবার মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে ১.৫ কোটিতে পেয়েছে। আগের সংস্করণে পাঞ্জাব কিংসের থেকে ৮ কোটি টাকা পাওয়া রাইলি মেরেডিথ এই বছর বার্ষিক মাত্র ১ কোটিতে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
সর্বোচ্চ লাভবানদের তালিকার শীর্ষে রয়েছেন হর্ষল প্যাটেল। ২০২২ সালের আইপিএলে তাঁকে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি আরসিবি ১০.৭৫ কোটি টাকায় কিনেছে, যার অর্থ তিনি আগের সংস্করণের বার্ষিক ২০ লাখ টাকার চেয়ে ৫২৭৫ শতাংশ বেশী বেতন পাবেন। লম্বা সিমার প্রসিধ কৃষ্ণকে রাজস্থান রয়্যালস ১০ কোটিতে নিয়েছে, কেকেআরে থাকতে তিনি পেতেন মাত্র 20 লক্ষ টাকা।
বেতনের দিক দিয়ে টিম ডেভিডেরও চমকপ্রদ বৃদ্ধি হয়েছে। গত বছর আরিসিবির হয়ে ২০ লাখ টাকা বেতন পাওয়া ডেভিডের এই বছর বেতন বৃদ্ধি হয়েছে ৪০২৫ শতাংশ এবং তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে পাবেন ৮.২৫ কোটি টাকা। কর্ণাটকের ছেলে দেবদত্ত পাড়িক্কালকে আরসিবি আগের সংস্করণে দিয়েছিল ২০ লক্ষ টাকা দিয়েছিল। এবার আরআর তাঁকে ৭.৭৫ কোটি টাকায় কিনেছে, যার অর্থ তাঁর ৩৭৭৫ শতাংশ আয় বৃদ্ধি হয়েছে। শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার আয় বৃদ্ধির হার ২০৫০ শতাংশ। গত মরসুমে তাঁকে ৫০ লাখ টাকা দিয়ে আরসিবি খেলালেও, এই বছর আরসিবিকে দিতে হবে ১০.৭৫ কোটি টাকা।
আইপিএল ২০২২-এ সবচেয়ে বেশী মূল্য বাড়ল যে খেলোয়াড়দের
| খেলোয়াড় | দল | মূল্য (কোটি টাকা) | শেষবারের মূল্য (কোটি টাকা) | বৃদ্ধি % |
| হর্ষল প্যাটেল | ব্যাঙ্গালোর | ১০.৭৫ | ০.২ (ব্যাঙ্গালোর ২০২১) | ৫২৭৫ |
| প্রসিধ কৃষ্ণ | রাজস্থান | ১০ | ০.২ (কলকাতা ২০২১) | ৪৯০০ |
| টিম ডেভিড | মুম্বই | ৮.২৫ | ০.২ (ব্যাঙ্গালোর ২০২১) | ৪০২৫ |
| দেবদত্ত পাড়িক্কাল | রাজস্থান | ৭.৭৫ | ০.২ (ব্যাঙ্গালোর ২০১৭) | ৩৭৭৫ |
| ওয়ানিন্দু হাসারাঙ্গা | ব্যাঙ্গালোর | ১০.৭৫ | ০.৫ (ব্যাঙ্গালোর ২০২১) | ২০৫০ |
আইপিএল ২০২২-এ সবচেয়ে বেশী মূল্য কমল যে খেলোয়াড়দের
| খেলোয়াড় | দল | মূল্য (কোটি টাকা) | শেষবারের মূল্য (কোটি টাকা) | হ্রাস % |
| কৃষ্ণাপ্পা গৌতম | লখনউ | ০.৯ | ৯.২৫ (চেন্নাই ২০২১) | ৯০.২৭ |
| কর্ণ শর্মা | ব্যাঙ্গালোর | ০.৫ | ৫ (চেন্নাই ২০২১) | ৯০ |
| প্রিয়ম গর্গ | হায়দ্রাবাদ | ০.২ | ১.৯ (হায়দ্রাবাদ ২০২১) | ৮৯.৪৭ |
| টায়মাল মিলস | মুম্বই | ১.৫ | ১২ (ব্যাঙ্গালোর ২০১৭) | ৮৭.৫ |
| রাইলি মেরেডিথ | মুম্বই | ১ | ৮ (পাঞ্জাব ২০২১) | ৮৭.৫ |