“আইসিসির আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী আপনি কারও বিরুদ্ধে খেলতে অস্বীকার করতে পারবেন না”, ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে রাজীব শুক্লা

২৪শে অক্টোবর মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান

Rajeev Shukla
Rajeev Shukla. (Photo by PRAKASH SINGH/AFP via Getty Images)

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ২৪শে অক্টোবরের আসন্ন পাকিস্তান ম্যাচে ভারতকে খেলতেই হবে কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজিত কোনো ইভেন্টে যে কোন দেশের বিপক্ষেই ম্যাচ পড়ুক না কেন, প্রত্যেক দেশেরই ম্যাচ খেলা বাধ্যতামূলক। কোন দলের বিপক্ষে না খেলার অধিকার কোন দেশের নেই। গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীরে যা ঘটে চলছে, তার পর বিসিসিআই এবং সরকার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল। 

এটি এখন আর গোপন নয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা প্রবলভাবে রয়েছে যার জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ স্থগিত আছে প্রায় এক দশক। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন কাশ্মীরে বেসামরিক ব্যক্তিদের হত্যার কিছু ঘটনা দেখা যায়, যার মধ্যে প্রধানত অস্থানীয়রা অন্তর্ভুক্ত ছিল। অধিকাংশ ভারতীয়র পাশাপাশি বিসিসিআইও বিষয়টিকে খুব ভালো চোখে দেখেনি। শুক্লা বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে বলেন, এই ধরনের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু ম্যাচটি খেলা উচিত কারণ এটি একটি আইসিসি আয়োজিত টূর্নামেন্ট।

“আমরা জম্মু ও কাশ্মীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বলতে পারি আইসিসির আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী আপনি কারও বিরুদ্ধে খেলতে অস্বীকার করতে পারবেন না। আইসিসি টুর্নামেন্টে আপনাকে যেকোন দলের সাথে খেলতে হবে,” ফ্যানকোডের রিপোর্ট অনুযায়ী রাজীব শুক্লা বলেন।

রবিবার ২৪শে অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে ভারত। আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবারের মতো দলগুলি মুখোমুখি হবে, ভারত এখন পর্যন্ত পাঁচটি সাক্ষাতেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে সক্ষম হয়েছে।

ওয়ার্মআপ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু ভারতের 

এদিকে, ওয়ার্মআপ ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করতে পেরে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। দলের রিজার্ভ বেঞ্চ পরখ করা হয়েছে এই ম্যাচে, এমনকি রোহিত শর্মা ছাড়াও, ভারত অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যেই ১৮৯-এর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। ঈশান কিষাণ এবং কেএল রাহুল যথাক্রমে ৭০ এবং ৫১ রান করতে পেরেছিলেন।  

বোলাররাও ভালো বোলিং করেছেন। মহম্মদ শামি তিনটি উইকেট নিয়েছেন এবং জসপ্রীত বুমরা একটি উইকেট নিয়েছেন। উদ্বেগের একমাত্র কারণ হবে ভুবনেশ্বর কুমারের ফর্ম, যিনি একটিও উইকেট নিতে ব্যর্থ হন এবং ৪ ওভারে ৫৪ রান দেন।

close whatsapp