আত্মবিশ্বাস ফিরে পেতে বিরাটের এই অর্ধশতরানটা প্রয়োজন ছিল বলেই মনে করছেন সুনীল গাভাসকর
আপডেট করা - May 1, 2022 4:09 pm

শনিবার আইপিএলের মঞ্চে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। টানা আটম্যাচ পর অবশেষে আইপিএসের মঞ্চে রান পেয়েছেন বিরাট কোহলি। টানা ১৪টি ইনিংস পর প্রথম অর্ধশতরান করেছেন বিরাট। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যেমন স্বস্তি ফিরেছে, তেমনই প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকরের মুখেও স্বস্তির সুর। বিরাটের ব্যাট থেকে এই অর্ধশতরানটা তাঁর তো বটেই, গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরকেও আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করছেন তিনি।
আইপিএলের মঞ্চে এবার শুরু থেকেই রানের খরা ছিল বিরাট কোহলির ব্যাটে। আর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে তো বিরাট কোহলির সবচেয়ে খারাপ সময় গিয়েছে। পরপর দু বলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছিল প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ককে। রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানের হ্যাটট্রিক এড়াতে পারলেও, মাত্র ৯ রানই পেয়েছিলেন তিনি। আর বিরাটের এমন অবস্থা দেখার পর থেকেই সমালোচকরা আরও বেশী সুর চড়াতে শুরু করেছিলেন।
শেষপর্যন্ত গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই ঘুরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। হয়ত টি টোয়েন্টির মতো ইনিংস তিনি খেলতে পারেননি, কিন্তু বিরাট কোহলির ব্যাট থেকে আসা মরসুমের প্রথম অর্ধশতরান তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলেই মনে করছেন সুনীল গাভাসকর। একইসঙ্গে বিরাট কোহলির শট নির্বাচনের পদ্ধতি, খেলার কৌশল সবকিছু দেখেই বেশ খুশি হয়েছেন এই প্রাক্তন কিংবদন্তী তারকা। রেড আর্মির জন্য এটা স্বস্তির খবর বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলি
স্টার স্পোর্টসের সুনীল গাভাসকর জানিেছেন, “এই নকটা বিরাট কোহলির কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তিনিই নন বিরাটের এই ইনিংসটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও চাইছিল বহুদিন ধরে। আসন্ন ম্যাচের জন্য এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছি। দলের প্রধান তারকার ব্যাট থেকে ঠিকঠাক শটের পাশাপাশি তাঁর পায়ের পজিশনও সঠিক রয়েছে। এই ইনিংসটাই আত্মবিশ্বাস তৈরির জন্য। আরসিবির পরিস্থিতি অনুযায়ী বলছি এই মুহূর্তে তারা যথেষ্ট খুশি”।
গতম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে শুরুতেই সাজঘরে ফিরে যান ফাফ ডুপ্লেসি। সেই জায়গা থেকেই দলের হাল ধরেন বিরাট কোহলি। রজত পাতিদারকে সঙ্গে নিয়ে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। শুধু তাই নয় প্রথমবার এবারের আইপিএলে অর্ধশতরানও রান বিরাট। তিনি ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিরাট। তাঁর অর্ধশতরান দেখার পর স্বস্তির ছাপ দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলের ক্রিকেটার মহম্মদ সামির চোখে মুখেও। মাঠেই তিনি বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
টানা রান না পেতে পেতে বিরাট কোহলির ওপরও চাপ ক্রমশ বাড়ছিল। ইতিমধ্যেই প্রাক্তন তারকারা তাঁকে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিরাট বোধ হয় বিরতি নয়, পরিস্থিতির সঙ্গে লড়াই করেই রানে ফেরার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। সামনে এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। বিরাট কোহলিকে তাঁর চেনা ছন্দে ফের দেখা যায় কিনা তারই প্রতীক্ষায় সকলে।