ইডেনের সমর্থকদের সামনে খেলার জন্য প্লেঅফে পৌঁছতে মরিয়া শ্রেয়স আইয়ারের নাইট রাইডার্স
আপডেট করা - Apr 26, 2022 8:13 pm

আইপিএলে পরপর চার ম্যাচ হেরে খাদের কিনারায় এখন কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের সম্ভাবনা থাকলেও, রাস্তাটা খুবই কঠিন। কয়েকদিন আগেই প্লে অফের ভেন্যু ঘোষণা করেছে বোর্ড। আর সেখানেই একটি কোয়ালিফায়ার ও একটি প্লে অফ ম্যাচ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই খবর জানার পর থেকেই ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিজেদের একশো শতাংশ পারফরম্যান্স উজার করে দি্য়ে প্লেঅফে যাওয়াই এখন একমাত্র লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের।
আইপিএলের মঞ্চে শুরুটা ভালভাবে করলেও, হঠাত্ই যেন ছন্দ পতন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। পরপর চার ম্যাচে হেরে গিয়েছে কলকাতার নাইটরা। এমন পরিস্থিতিতে তাদে ঘুরে দাঁড়ানোর রাস্তটাও কঠিন। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। এরইমাঝে ইডেন গার্ডেন্সে প্লে অফের খবরটা যেন নতুন আশার সঞ্চার করেছে নাইট রাইডার্স শিবিরে।
এবারের আইপিএল শুরু হলেও প্রথমে প্লে অফ কোথায় হবে তা ঘোষণা করা হয়নি বোর্ডের তরফে। সেই সময় থেকেই একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এবারের প্লে অফের ম্যাচ নাকি পেতে চলেছে ইডেন গার্ডেন্স। জল্পনাটা চললেও সেই সময় বোর্ড কর্তারা অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে গত ২৩ এপ্রিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় বোর্ডের তরফে। সেখানেই জানানো হয় যে ইডেন গার্ডেন্সে হবে দুটো প্লে অফের। আর শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে থাকলে সম্পূর্ণ দর্শক নিয়েই হবে ম্যাচ।
আইপিএলে প্লে অফের দুটো ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে
নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। সেই মাঠে ম্যাচ হওয়ার খবর পাওয়ার পর থেকেই যেন আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে নাইট রাইডার্স ক্রিকেটারদের। নতুন নিয়মে সব ম্যাচই তাদের খেলতে হচ্ছে মুম্বই অথবা পুণেতে। তারই মাঝে ইডেন গার্ডেন্সে খেলার সম্ভাবনা চলে এসেছে কলকাতা নাইট রাইডার্সের সামনে। তবে ইডেনে নামার জন্য প্লে অফের ছাড়পত্র যোগার করতে হবে তাদের। তবেই ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলতে পারবে নাইট রাইডার্স ক্রিকেটাররা।
সেই প্রসঙ্গেই উচ্ছ্বসিত নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি জানিয়েছেন, “আমরা এই কয়েকদিন হল জানতে পেরেছি যে ইডেন গার্ডেন্সে হবে দুটো কোয়ালিফায়ার ম্যাচ। আর সেখানে নিজেদের ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলার জন্য একশো শতাংশ উজার করে দেব আমরা”।
আইপিএলের পের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্লে অফে জায়গা পাকা করতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রেয়স আইয়ারদের। সেইমতো চুড়ান্ত প্রস্তুতিও চালাচ্ছে নাইট রাইডার্স শিবির। তাদের চোখ এখন থেকেই ইডেন গার্ডেন্সে।