বিরাট কোহলিকে এক থেকে দু মাসের জন্য বিরতি নেওয়ার পরামর্শ ওয়াসিম জাফরের
আপডেট করা - Apr 23, 2022 10:37 pm

বিরাট কোহলির সত্যিই হলটা কী। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ক্রিকেটের বাইশগজে বিরাট কোহলির সঙ্গে যে ঘটনা একেবারেই দেখা যায়নি, এবারের আইপিএলে সেটাই হচ্ছে প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের সঙ্গে। চলতি আইপিএলে পরপর দুবার শূন্য রানে ফিরতে হল বিরাট কোহলি। গতম্যাচে যখন মাঠ ছেড়েছিলেন তখন বিরাটের মুখে একরাশ হতাশামাখানো হাসি ছিল। এদিন হায়দরাবাদের বিরুদ্ধে আউট হওয়ার পর, মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারকে।
কয়েকদিন আগেই বিরাটের উদ্দেশ্যে বিরতি নেওয়ার বার্তা দিয়েছিলেন রবি শাস্ত্রী। এবার সেই একই কথা শোনা গেল ওয়াসিম জাফরের মুখেও। ওয়াসিম জাফরের মতে বিরাট কোহলির অন্তত এক থেকে দু মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত্। এরপর তিনি আরও শক্তিশালী হয়েই মাঠে ফিরতে পারবেন। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চ্যালেঞ্জার্স শিবিরের ব্যাটাররা এদিন য়্যানসেন, টি নটরাজনদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। য়্যানস্যান তাঁর প্রথম ওভারেই বেঙ্গালুরুর সমস্ত আশা করে দিয়েছিলেন। প্রথমে ফাফ ডুপ্লেসিকে ৫ রানে সাজঘরের রাস্তা দেখান তিনি। এরপরই মাঠে আসেন বিরাট কোহলি। আর তারজন্য ফাঁদ একেবারে পেতেই রেখেছিলেন মার্কো য়্যানস্যান। সেই স্লিপেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। আউট হওয়ার পর তিনি নিজেই যেন তা বিশ্বাস করতে পারছিলেন না। গোটা মাঠ তো বটেই, এদিন ক্যামেরাও তখন বিরাট কোহলির দিকেই। মাথা নীচু করেই মাঠ ছাড়ছিলেন তখন এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার।
বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ ওয়াসিম জাফরের
আর বিরাটের সঙ্গে এমন ঘটনা হতে দেখেই তাঁকে বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন ওয়াসিম জাফর। তাঁর মতে আইপিএলের শেষে বিরাট কোহলির অন্তত এক থেকে দু মাস বিরতি নেওা উচিত্। এতে তাণর ক্ষতি হবে না বলেই মনে করেন তিনি। ওয়াসিম জাফর জানিয়েছেন, “এমন পরিস্থিতি বিগত পাঁচ থেকে ছয় মাসেই দেখা যাচ্ছে। যারমধ্যে রয়েছে তাঁর ভারতীয় দলের সমস্ত ফর্ম্যাট থেকে নেতৃত্ব ছাড়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়েন তিনি। তখন থেকেই তাঁর মাথায় এই কথা ঘুরছে। আমার মনে হয় না সম্প্রতি প্রচুর ক্রিকেট খেলার জন্য তাঁর সঙ্গে এমনটা হচ্ছে”।
ওয়াসিম জাফর আরও জানিয়েছেন, “তাঁর টেস্ট গড় ক্রমশই নীচের দিকে নেমেছে। একইসঙ্গে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টিরও গড় নীচের দিকে। আমি বলছি না যে সেগুলো খারাপ। কিন্তু তাঁর চারপাশের ঘটে তলা এই ঘটনা গুলো ক্রমশই তাঁর মাথায় ঘুরে চলেছে। এক মাস কিংবা দু মাসের বিরতি তাঁর খুব একটা ক্ষতি করবে না বলেই আমি মনে করি। আমি মনে করি আইপিএলের পরই তাঁর বিরতি নেওয়া উচিত্। এরফলে তাঁর মস্তিষ্ক টাপমুক্ত হবে এবং তিনি ফের শক্তিশালী হয়ে ফিরতে পারবেন”।
আইপিএলের মঞ্চে আটবছর আগে শেষবার এক আইপিএলে একাধিকবার শূন্যরানে সাজঘরে ফেরার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। ২০১৪ সালে তিনবার শূন্য রানে আউট হয়েছিলে তিনি। এরপর থেকে অবশ্য বিরাট কোহলিকে আর সেই দিকে ফিরে তাকাতে হয়নি। কিন্তু ২০২২ সালের শুরু থেকেই বিরাটের কেরিয়ারগ্রাফ ক্রমশই নীচের দিকে। এবারের আইপিএলে পরপর দু ম্যাচে শূন্য রানে ফিরতে হল বিরাট কোহলিকে। এমন পরিস্থিতিতে সকল প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাই বিরাটের উদ্দেশ্যে নানান পরামর্শ দিচ্ছেন। টুইট করে বিরাট কোহলিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিনও।
Virat Kohli deserves a much needed break from some matches. A little rest should rejuvenate him.
— Mohammed Azharuddin (@azharflicks) April 23, 2022
আইপিএল শেষে বিরাট কোহলি বিরতি নেন কিনা সেটাই এখন দেখার। বিরাট কোহলিকে ফের কবে তাঁর পিরনো ছন্দে দেখা যাবে, সেই প্রতীক্ষাতেই এখন তাঁর অগুন্তী সমর্থক।