“আমিই আমার রোল মডেল” – এক্সপ্রেস পেসার উমরান মালিকের লক্ষ্য দেশের হয়ে খেলা
কিংবদন্তীরা তাঁর সম্বন্ধে টুইট করলে উচ্ছ্বসিত হন উমরান
আপডেট করা - Apr 20, 2022 4:00 pm

সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ পেসার উমরান মালিক নিয়মিত ১৪৫-১৫০ কিমি/ঘণ্টায় বোলিং করে যাচ্ছেন আইপিএল ২০২২-এ। তাঁর এই ক্ষমতার কারণে ক্রিকেটমহলের একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন তিনি। তাঁর ধারাবাহিক দক্ষতা দেখে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ইতোমধ্যেই বলেছেন যে ২২ বছর বয়সী পেসার জাতীয় দলে ডাক পাওয়া থেকে খুব বেশি দূরে নেই। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে উমরান যোগ করেছেন যে গতি স্বাভাবিকভাবেই তিনি পেয়েছেন এবং তিনি গতি পাওয়ার জন্য আলাদা করে কিছুই করছেন না।
জম্মু ও কাশ্মীরকে গর্বিত করতে চাই, বলেছেন আত্মবিশাসী উমরান মালিক
তরুণ পেসার তাঁর দক্ষতা গঠনে ইরফান পাঠানের নির্দেশনার গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন। জম্মু ও কাশ্মীর পেসার যোগ করেছেন যে তিনি আগে অনেক লাফিয়ে উঠতেন, সঠিক দৈর্ঘ্য থেকে দূরে সরে যেতেন কিন্তু প্রাক্তন ভারতীয় পেসারের সঠিক পরামর্শ নিয়ে তিনি ঠিক সঠিক জায়গামতো বোলিং করতে পারছেন। চলতি আইপিএল মরসুমে তিনি ইতোমধ্যে ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছেন।
“আমার গতি স্বাভাবিকভাবেই আসে। এই বছর আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করছি। আমি সব সময়ই দ্রুত বল করতাম। আমিই আমার রোল মডেল। ইরফান পাঠান যখন আমাদের প্রশিক্ষণ দিতে আসেন, তখন আমি বেশী লাফিয়ে পড়তাম এবং আমি বেশ অনিয়মিত ছিলাম, আমি ধারাবাহিকভাবে একটি জায়গায় বল করতে পারতাম না। কিন্তু যখন তিনি এলেন আমি কম লাফে সঠিক ছন্দ পেতে শুরু করলাম। আমি শুধু জম্মু ও কাশ্মীরকে গর্বিত করতে চাই এবং আমি দেশকে গর্বিত করতে চাই। আমি শুধু ভালো পারফর্ম করতে চাই,” এনডিটিভির সাথে কথা বলার সময় উমরান বলেছেন।
যদিও উমরানের কোন আদর্শ নেই, কিন্তু ভারতীয় দলের ত্রয়ী জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারকে বোলার হিসেবে তিনি উঁচু দরের মনে করেন। তিনি আরও জানিয়েছেন যখন দেখেন তাঁকে নিয়ে কেউ টুইট করেছে তখন তিনি আনন্দিত হন।
“আমাকে পারফর্ম করতে হবে। যখন দেখি ক্রিকেটাররা আমাকে নিয়ে টুইট করছেন, তখন সেটা খুবই গর্বিত করে। এত বড় কিংবদন্তিরা আমাকে নিয়ে টুইট করছেন দেখে ভালো লাগে। তারা নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছেন, সেই কারণেই তারা আমাকে নিয়ে টুইট করছেন। এই মুহূর্তে, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার বিশ্বের সেরা বোলারদের মধ্যে পড়েন,” যোগ করেছেন উমরান।