ষষ্ঠ ব্যাটার হিসেবে এক মরসুমে একাধিক আইপিএল সেঞ্চুরি করার নজির গড়লেন জস বাটলার
কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করার আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও সেঞ্চুরি ছিল বাটলারের
আপডেট করা - Apr 18, 2022 11:26 pm

ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ১৮ই এপ্রিল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংস্করণে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি করার সাথে সাথে অরেঞ্জ ক্যাপ (সবচেয়ে বেশি রান) পাওয়ার লড়াইয়ে তাঁর দাবিকে শক্তিশালী করেছেন। রাজস্থান রয়্যালস-এর (আরআর) হয়ে ইতোমধ্যেই ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক করেছেন বাটলার।
ডানহাতি ব্যাটার অনবদ্য ব্যাটিংয়ের প্রদর্শন করেছিলেন এবং পুরো ইনিংস জুড়ে কেকেআরের বোলারদের শাস করে গেলেন। ১৭তম ওভারে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের বলে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছে যান তিনি। তাঁর ৬১ বলে ১০৩ রানে নয়টি চার এবং পাঁচটি ছক্কা। শেষ অবধি কামিন্সের বলে বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বাটলার অভিজ্ঞ শেন ওয়াটসনের পরে দ্বিতীয় বিদেশী খেলোয়াড় হিসেবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন।
এদিকে, ওপেনার শুরুতে দেবদত্ত পাড়িক্কালের (১৮ বলে ২৪) সাথে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর বাটলার অধিনায়ক সঞ্জু স্যামসনের সাথে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন, এবং ১৫তম ওভারে রয়্যালসকে ১৫০ পার করে দেন।
৩১ বছর বয়সী এখন ষষ্ঠ ব্যাটার যিনি আইপিএলের একটি মরসুমে কমপক্ষে দুটি শতরান করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ২০১৬ সংস্করণে চারটি সেঞ্চুরিসহ তালিকার শীর্ষে। ৩৩ বছর বয়সী সেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান-স্কোরার ছিলেন, যেখানে তিনি ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন, যার মধ্যে চারটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি ছিল।
‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল, হাশিম আমলা, শেন ওয়াটসন এবং শিখর ধাওয়ান হলেন অন্য চার ব্যাটার যারা এক মৌসুমে একাধিক আইপিএল টন করেছেন। প্রত্যেকেই দুটি করে সেঞ্চুরি পেয়েছেন, ভারতীয় ওপেনার ধাওয়ান সর্বশেষ মাইলফলক অর্জন করেছেন। ধাওয়ান আইপিএল ২০২০-এ দুটি শতরান করেছিলেন যেখানে অস্ট্রেলিয়ান ব্যাটার শেন ওয়াটসন এবং হাশিম আমলা যথাক্রমে ২০১৮ এবং ২০১৭ আইপিএল মরসুমে এই কীর্তি রচনা করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় দুটি সেঞ্চুরি করেছিলেন।
এক আইপিএল মরসুমে একাধিক সেঞ্চুরি করার কৃতিত্ব যাদের
| খেলোয়াড় | দল | সেঞ্চুরির সংখ্যা | বছর |
| বিরাট কোহলি | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৪ | ২০১৬ |
| ক্রিস গেইল | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ২ | ২০১১ |
| হাশিম আমলা | পাঞ্জাব কিংস | ২ | ২০১৭ |
| শেন ওয়াটসন | চেন্নাই সুপার কিংস | ২ | ২০১৮ |
| শিখর ধাওয়ান | দিল্লি ক্যাপিটালস | ২ | ২০২০ |
| জস বাটলার | রাজস্থান রয়্যালস | ২ | ২০২২ |