শ্রেয়স আইয়ারের নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশংসার সুর রবি শাস্ত্রীর গলায়
আপডেট করা - Apr 18, 2022 6:42 pm

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। পরপর দু ম্যাচ হেরে লিগ টেবিলে খানিকটা নীচের দিকে নেমে গিয়েছে তারা। যদি শ্রেয়স আইয়ারের নেতৃত্বে শুরুটা খুব একটা খারাপ করেনি এবার কলকাতা নাইট রাইডার্স। নাইটদের তরুণ অধিনায়ক সেই শ্রেয়স আইয়ারকে নিয়েই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে চেয়ে নিতে হয়নি, অধিনায়কত্ব শ্রেয়স আইয়ারের কাছে এমনিতেই এসেছে। তাঁর মতো আগ্রাসী অধিনায়ক খুব কম আছে বলেই মনে করেন রবি শাস্ত্রী।
এবারের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগে থেকেই শ্রেয়স আইয়ারকে নিয়ে একটা হৈচৈ ছিল। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সও যে তাঁকে নিতে চাইছিল, সেই কথাও শোনাযাচ্ছিল বিভিন্ন মহলে। দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যানকে ছেড়ে দেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্স একজন অধিনায়কের খোঁজে ছিল। আর দিল্লি ক্যাপিটালস শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁর দিকে নজর ছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির।
এবার কলকাতা নাইট রাইডার্সে ১২.২৫ কোটি টাকায় এসেছেন শ্রেয়স আইয়ার
এবারের আইপিএলের মেগা নিলামে প্রথম দশ জন সেরা বাছাইয়ের মধ্যে রাখা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। নিলামে তাঁর নাম ওঠার পর থেকেই লড়াইয়ে ঝাপিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লিও অবশ্য সেই লড়াইয়ে ছিল। শেষপর্যন্ত ১২.২৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে দলে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে তাঁর কাঁধেই এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
অধিনায়কের দায়িত্ব অবশ্য এবারই প্রথম পাননি তিনি। এর আগেও শ্রেয়স আইয়ার নেতৃত্ব সামলেছেন দিল্লি ক্যাপিটালস। তাঁর নেতৃত্বের দক্ষতা দেখেছেন রবি শাস্ত্রীরা । আর সেজন্যই শ্রেয়সকে নিয়ে তিনি এতটা উচ্ছ্বসিত। এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “নেতৃত্ব সহজাত ভাবেই রয়েছে শ্রেয়স আইয়ারের মধ্যে। যেভাবে আগ্রাসী মনোভাব নয়ে তিনি কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন, তা দেখে কখনোই মনে হবে না যে শ্রেয়স এবারই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন। দেখে মনে হচ্ছে তিনি যেনন নাইট রাইডার্সকে প্রায় তিন থেকে চার মরসুম ধরে নেতৃত্ব দিয়ে চলেছেন। শুধু তাই নয় অধিনায়ক হিসাবে তাঁর কী করা উচিত্ সেটাও শ্রেয়স খুব ভালভাবেই জানেন”।
দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দক্ষহাতে সামলেছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর হাত ধরেই আইপিএলের মঞ্চে ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। এছাড়া দিল্লির হয়ে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সও করেছিলেন তিনি। এবার তাঁর কাংধে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব। সেখানেও শ্রেয়স আইয়ার ফুল মার্কস নিয়ে পাশ করতে পারেন কিনা সেটাই দেখার।