“কপালে একটি ‘হেরো’ ট্যাটু করো” – কোচের কাছ থেকে এই ধমক খেয়েই আবার ক্রিকেটে ফোকাস করেন বৈভব আরোরা
ক্রিকেট ছেড়ে চাকরি করতে যেতে চেয়েছিলেন বৈভব
আপডেট করা - Apr 8, 2022 8:41 pm

পাঞ্জাব কিংস (পিবিকেএস) তাদের নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের অধীনে আইপিএল ২০২২-এ ভালো শুরু করেছে। দলটি মরসুমে তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) জয় চিহ্নিত করেছিল। তারপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে হারলেও তৃতী ম্যাচেই প্রত্যাবর্তন করেছে এবং গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পরাজিত করে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে উপরের সারিতেই আছে।
এই মরসুমে মেগা নিলামের সময় বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় কিনেছে পিবিকেএস এবং তাদের মধ্যে অনেকেই অপরিচিত খেলোয়াড়। এমনই একটি মুখ হল ২৪ বছর বয়সী বৈভব অরোরা যিনি সিএসকে-এর বিরুদ্ধে আইপিএল অভিষেকেই ছাপ ফেলেন এবং মিতব্যয়ী বোলিং পরিসংখ্যান নিয়ে ম্যাচ শেষ করেন। সেই ম্যাচে তিনি চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পান। সতীর্থ খেলোয়াড়, ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী – সবাই তাঁর অভিষেক ম্যাচের পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন।
আরোরার ব্যক্তিগত কোচ রবি ভার্মা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় প্রকাশ করেছেন কীভাবে তরুণ বোলারটি ২০১৮ সালে চিরতরে খেলা ছেড়ে দেওয়ার জন্য প্রায় মনস্থির করে ফেলেছিলেন। একটি খেলা চলাকালীন, ফিল্ডাররা তাঁর বোলিংয়ে সাতটি ক্যাচ ফেলেছিল এবং যে কারণে হতাশ হয়ে তিনি ক্রিকেট ছেড়ে বেসরকারী চাকরি করার কথা ভেবেছিলেন।
পাঞ্জাব কিংসের সাথে সময় কাটিয়ে বোলার হিসেবে আত্মবিশ্বাসী হয়েছেন বৈভব আরোরা
“স্যার কোই ভি প্রাইভেট নকরি দেখ লো, ক্রিকেট অব নাহি হো সকতা (স্যার অনুগ্রহ করে একটি প্রাইভেট চাকরি দেখুন, আমার দ্বারা আর ক্রিকেট হবে না)। আমি তাকে তার কপালে একটি ‘হেরো’ ট্যাটু করতে বলেছিলাম এবং বলেছিলাম আমাকে আর কখনও যেন ফোন না করে,” ভার্মা ঘটনাটি ব্যাখ্যা করার সময় আরোরার কথাগুলি স্মরণ করেন।
কোচ ভার্মার কথাগুলিকে আরোরা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলেন, এবং কঠোর পরিশ্রম করে ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফি খেলতে যান। টুর্নামেন্টে তাঁর আগুনে পারফরম্যান্সের পর, তিনি সেই বছরে পাঞ্জাবের লিস্ট এ এবং টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন। পিবিকেএস অবশেষে আইপিএল ২০২২ মরসুমের আগে ২ কোটি টাকায় তাঁকে চুক্তিবদ্ধ করেছে।
“পাঞ্জাব কিংসের সাথে সেইসব দিন আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। এটা আমার বোলিংকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেছে। আমি নেটে কেএল রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল এবং মায়াঙ্ক আগরওয়ালদের বোলিং করছিলাম। ফলে আমার ভয় কেটে গিয়েছিল। দুবাইতে আমাদের প্রথম নেট সেশনের পর, রাহুল ভাই আমাকে জিজ্ঞেস করলেন আমি কোন দলের হয়ে খেলি এবং বললেন তুমি শীঘ্রই আইপিএল খেলবে। অনিল স্যারও একবার আমার কাছে এসে একই রকম প্রশ্ন করেছিলেন; তিনি বলেছিলেন যে আমি প্রতিভা পেয়েছি এবং আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বলেছিলেন,” আরোরা বলেছেন।
আরোরা তাঁর প্রথম ম্যাচে রবিন উথাপ্পা ও মইন আলিকে আউট করে আইপিএল কেরিয়ার শুরু করেন।