“১০ বছর ধরে একই ভুল” – স্যামসনের কোহলিকে অনুসরণ করা উচিত, মন্তব্য ভারতের প্রাক্তন প্রধান কোচের
স্যামসনের বিরুদ্ধে ধারাবাহিকতার অভাবের অভিযোগ
আপডেট করা - Apr 6, 2022 4:08 pm

সঞ্জু স্যামসন বেশ কিছু দিন ধরেই ভারতীয় ক্রিকেটের পরিচিত নাম এবং একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ তাঁর প্রতিভার কদর করেছেন। তবে যে কোন কারণেই হোক এই উইকেটকিপার-ব্যাটার সর্বোচ্চ স্তরে তাঁর প্রতিভাকে পারফর্ম্যান্সে রূপান্তর করতে সক্ষম হননি। ২০১৫ সালে তাঁর আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয়, এবং এই ২৭ বছর বয়সী এই পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-২০ এবং একটি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যদিও এখনও একটি অর্ধশতকও করতে পারেননি।
স্যামসন অবশ্য গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খারাপ পারফর্ম করছেন না। ডানহাতি ব্যাটার বছরের পর বছর প্রচুর রান করছেন, যদিও আরআর টুর্নামেন্টে বিশেষ সাফল্য পায়নি। তাঁকে গত বছর আরআর-এর অধিনায়ক মনোনীত করা হয়েছিল। স্যামসন সম্পর্কে কথা বলতে গিয়ে, টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী কেরালার উইকেটকিপারকে বিরাট কোহলির থেকে শিক্ষা নিয়ে ধারাবাহিকভাবে রান করার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, স্যামসন তাঁর হঠাৎ ছন্দ হারানোর এবং ধারাবাহিকভাবে পারফর্ম না করার জন্যও অভিযুক্ত হয়েছেন। শাস্ত্রী বিশ্বাস করেন যে ২৭ বছর বয়সী পরিণত হয়ে উঠলেও স্যামসনকে এখনও অনেক উন্নতি করতে হবে। প্রাক্তন অলরাউন্ডার মনে করেন স্যামসনের শট খেলার ক্ষমতা মাঝে মাঝে তাঁর বিপদ ডেকে আনে।
স্যামসনকে আরও ভালোভাবে প্রতিপক্ষকে বুঝতে হবে, বলেছেন শাস্ত্রী
“যখন আমি এই মরসুমে তার দিকে তাকাই, তখন আমি প্রশান্তি অনুভব করি। সে পরিপক্ক হয়েছে। আমি মনে করছি যে এই বছর তার ভালো কাটবে। আমি মনে করি সে এই মরসুমে অনেক বেশি ধারাবাহিক হবে। সে এই দলটি পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তার স্বাভাবিক আক্রমণাত্মক খেলাটি খেলতে থাকবে এবং রান করে যেতে থাকবে,” শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন।
এদিকে, মঙ্গলবার (৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিপক্ষে আট বলে আট রানে আউট হন স্যামসন। সেই পারফর্ম্যান্স দেখে শাস্ত্রী একেবারেই মুগ্ধ হননি এবং ব্যাটারের কাছ থেকে ধারাবাহিকতা দাবি করেছেন। “তিনি অনেক দিন ধরেই খেলছেন। আপনি ১০ বছর ধরে একই ভুল করে এবং ২০-২৫ করেই আউট হতে পারেন না। আপনার একজন কোচ থাকতে হবে যে এসে আপনাকে নিয়ে লেগে থাকবে,” তিনি যোগ করেছেন।
শাস্ত্রী কোহলির উদাহরণ তুলে ধরেন এবং স্যামসনকে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটারের সাফল্যের মন্ত্র অনুসরণ করার পরামর্শ দেন। “স্যামসনকে ভবিষ্যতে যেভাবে দেখতে চায় তা হল প্রতিপক্ষকে যেন আরও একটু ভালোভাবে পড়ে শট বেছে নেয়। কোন শটগুলি, কোন বোলারের বিরুদ্ধে আরও লাভজনক হবে তা অনুমান করতে হবে ভালো করে,” শাস্ত্রী বলেছেন।
“কোহলি এসব ব্যাপারে অনেক বেশি পরিপক্ব, শৃঙ্খলাবদ্ধ এবং নিয়ন্ত্রণ আছে, তাই বড় স্কোর করে। সঞ্জু যদি এটিকে তার খেলায় আনতে পারে, বিপক্ষকে একটু বেশি পড়তে পারে এবং তারপর আক্রমণ করে, তবে সে সেই জায়গায় পৌঁছে যাবে,” তিনি আরও যোগ করেছেন।